প্রধানমন্ত্রীর ভারত সফরকে শতভাগ সফল উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। গতকাল দুপুর একটায় মধুর ক্যান্টিন থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলায় এসে শেষ হয়।পরে সেখানে আয়োজিত সমাবেশে ছাত্রলীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে উভয় দেশের মধ্যে বন্ধুত্ব ও আস্থাপূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে। এ সফরে উভয় দেশের মনস্তাত্ত্বিক বাধা দূর হয়েছে। এ ছাড়া ভারত ও বাংলাদেশের মধ্যে যেসব চুক্তি সম্পাদিত হয়েছে, তাতে ভারতের চেয়ে বাংলাদেশই বেশি লাভবান হবে। ভারত সফরের বিষয়ে বিরোধী দলের অবস্থানের সমালোচনা করে ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, একটি মহল একের পর এক দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপি ও জামায়াত জোট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক দেশবিরোধী চক্রান্ত করে যাচ্ছে।