প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিলেন ইউনিপেটুইউর প্রতারিত গ্রাহকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জব্দ করা ৪১৯ কোটি টাকা ফেরত দেওয়া ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন বহুধাপ (মাল্টিলেভেল) বিপণন কোম্পানি ইউনিপেটুইউর প্রতারিত গ্রাহকেরা। প্রধানমন্ত্রী ছাড়াও আইনমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও স্মারকলিপি দেওয়া হয়েছে।স্মারকলিপিতে উল্লেখ করা দাবিগুলো হলো: ব্যাংকে জব্দ ৪১৯ কোটি টাকা ফেরতে সরকারি সিদ্ধান্ত নেওয়া, ইউনিপেটুইউ সম্পর্কে পুলিশের বিশেষ শাখার প্রতিবেদনের সুপারিশমালার বাস্তবায়ন করা, দোষী ব্যক্তি ও সংগঠনের নাম ভাঙিয়ে অপকর্মকারীদের শাস্তির বিধান করা এবং গ্রাহকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা। দাবি মানা না হলে আন্দোলন তথা আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়। দাবিগুলো আদায়ে গ্রাহকদের সংগঠন ইউনিপে মেম্বার্স ক্লাব লিমিটেডের ব্যানারে পাঁচ দিন ধরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ফুটপাতে বসে অনশন কর্মসূচি পালন করছেন গ্রাহকেরা। গতকাল স্মারকলিপি দেওয়ার আগে সেখানে বসেই সংবাদ সম্মেলন করেন তাঁরা। সম্মেলনে লিখিত বক্তব্যে একই দাবি উত্থাপন করা হয়। মেম্বার্স ক্লাবের সভাপতি সরোয়ার মোর্শেদ বলেন, ‘টাকাপয়সা নাই, তাই ফুটপাতে বসেই সংবাদ সম্মেলন করছি। সম্মেলনের পর প্রধানমন্ত্রীসহ কয়েকজনের কাছে স্মারকলিপি দিয়েছি। দাবি মানা হলে ফুটপাতে বসেই কর্মসূচি চালিয়ে যাব।’ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, একই দাবিতে ১৫ জুলাই অর্থমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে যাওয়ার সময় পুলিশ তাঁদের বাধা দেয় এবং সাতজনকে আটক করে থানায় মিথ্যা মামলা দেয়।