প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বর্জন করবে সাদা দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন স্থাপনার উদ্বোধন এবং শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দিতে আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে চারটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল।গতকাল মঙ্গলবার কলা অনুষদের ডিন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাদা দলের শিক্ষকেরা এ ঘোষণা দেন। তাঁদের প্রতিবাদের বিষয়গুলো হলো: খালেদা জিয়ার নাম পরিবর্তন করে কবি সুফিয়া কামালের নামে নবনির্মিত ছাত্রী হলের নামকরণ করা, সাদা দলপন্থী কয়েকজন শিক্ষককে গ্রেপ্তার, উপাচার্য প্যানেল নির্বাচন এবং ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের সহাবস্থান।সম্মেলনে সাদা দলের নেতা তাজমেরী এস এ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ছাত্রসংগঠনের সহাবস্থানের কথা থাকলেও এই সরকারের আমলে তা হয়নি। আবার উপাচার্য প্যানেল নির্বাচন না দিয়ে অগণতান্ত্রিক পরিবেশ বজায় রেখেছেন বর্তমান উপাচার্য। সরকারের মদদ ছাড়া এটা হতে পারে না।সাদা দলের আহ্বায়ক ও কলা অনুষদের ডিন সদরুল আমিন বলেন, মুক্তিযুদ্ধকালে ও সামরিক স্বৈরশাসকের আমলে শিক্ষকদের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া ধরে নেওয়া এবং তাঁদের বাসায় তল্লাশি চালানো হতো। এখনো তাই হচ্ছে। এসবের দায়ভার সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রীর ওপরই বর্তায়।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আমিনুর রহমান মজুমদার, আবুল হাসনাত, এ বি এম ওবায়দুল ইসলাম, মোজাম্মেল হক, লুৎফর রহমান উপস্থিত ছিলেন।জানা যায়, প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু টাওয়ার, রোকেয়া হলের ৭ মার্চ ভবন ও ফার্মেসি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একই সঙ্গে নবনির্মিত কবি সুফিয়া কামাল হল, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন, জগন্নাথ হলের সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবন এবং উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র ভবন উদ্বোধন করবেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বর্তমান সরকার বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে গত সাড়ে তিন বছরে সাড়ে ৩০০ কোটি টাকা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সরকার আরও সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।ছাত্রলীগের আনন্দ মিছিল: আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে গত বুধবার থেকেই ক্যাম্পাসে আনন্দ মিছিল করছে ছাত্রলীগের বিভিন্ন হল শাখা। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে বের হয় আনন্দ মিছিল।বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হওয়া মিছিলটি কলাভবন ঘুরে অপরাজেয় বাংলার সামনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা বক্তব্য দেন।ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বক্তব্য দেন। সমাবেশ সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফ।