প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের ঝুলন্ত তার নামানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের ঝুলন্ত বৈদ্যুতিক ও অবৈদ্যুতিক তার (ওভারহেড কেব্ল) ভূগর্ভস্থ বিতরণ লাইনে নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয়। একই সঙ্গে ৩১ আগস্টের মধ্যে উত্তরা থেকে শাহবাগ পর্যন্ত, উত্তরা-মতিঝিল-গুলশান (মতিঝিল হয়ে) এবং সেপ্টেম্বরের মধ্যে শাহবাগ-মতিঝিল রুটের ঝুলন্ত তার নামিয়ে ফেলতে হবে। এ ছাড়া সব প্রধান সড়ক থেকে ৩১ অক্টোবরের মধ্যে দৃশ্যমান সব ঝুলন্ত তার নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। গত রোববার বিদ্যুৎ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাস্তার পাশে ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন কেব্ল টিভি অপারেটর ও ইন্টারনেট সেবা দাতা (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার-আইএসপি) প্রতিষ্ঠানের ঝুলন্ত তার ভূগর্ভস্থ বিতরণ লাইনব্যবস্থার আওতায় স্থাপনের বিষয়ে গত মার্চে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল সরকার।সূত্র জানায়, সভায় ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) লাইসেন্সপ্রাপ্ত ফাইবার এট হোমের পাইলট প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। এতে ১৫ জুনের মধ্যে উত্তরা-গুলশান-মতিঝিল রুট এবং বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট-শাহবাগ রুটের কাজ শেষ হওয়ার কথা। কিন্তু বিজয় সরণি থেকে শহীদ জাহাঙ্গীর গেট পর্যন্ত কাজ এখনো শুরু হয়নি। কারণ হিসেবে ফাইবার এট হোমের প্রতিনিধি জানান, বর্ষা মৌসুমের জন্য সিটি করপোরেশন দেড় গুণ বেশি টাকা চার্জ নির্ধারণ করায় কাজ শেষ করা যায়নি। তবে রাজধানীর অন্য এলাকার ৯০ শতাংশ কাজ শেষ এবং বিভিন্ন স্থানে প্রায় ২০০ বিতরণকেন্দ্র স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। এনটিটিএন লাইসেন্সপ্রাপ্ত অপর প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশনের প্রতিনিধি জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও সিটি করপোরেশনের অনুমোদন পেলে ভূগর্ভস্থ বিতরণ লাইন বসানোর কাজ শুরু করবে। এ সময় বিটিআরসির প্রতিনিধি জানান, সামিটের নকশা ও আবেদনপত্র তাঁরা পেয়েছেন। তিন মাসের মধ্যে সামিটকে সব কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) প্রতিনিধি জানান, ভূগর্ভস্থ বিতরণ লাইন বসানো হয়ে গেলে সব আইএসপি প্রতিষ্ঠান তাদের কেব্ল তাতে নামিয়ে দেবে। আগামী ২৬ আগস্ট এ সংক্রান্ত পরবর্তী সভা হবে।