প্রধানমন্ত্রীর খবর সংগ্রহে নিষেধাজ্ঞা নেই: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের খবর সংগ্রহে গণমাধ্যমের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। এ বিষয়ে প্রশাসনিক কোনো নির্দেশনাও নেই। গতকাল মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ে দেশের ইলেকট্রনিক গণমাধ্যমের মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠান সংগ্রহের জন্য বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে দাওয়াত দেওয়া হয়নি বলে গতকাল কয়েকটি পত্রিকায় খবর প্রকাশিত হয়। সাংবাদিকেরা জানতে চান, এ বিষয়ে অনানুষ্ঠানিক কোনো নির্দেশ আছে কি না। জবাবে তথ্যমন্ত্রী বলেন, এটা খতিয়ে দেখা হচ্ছে।সভায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।তথ্যমন্ত্রীর কাছে একটি টেলিভিশনের সাংবাদিক জানতে চান, টিভিগুলোর ওপর সরকার কি অসন্তুষ্ট? জবাবে ইনু বলেন, ‘আপনারা এখানে এসেছেন, কেউ তো বাধা দেয়নি। আপানারা সন্তুষ্টচিত্তে এসেছেন, আমরাও সন্তুষ্ট এবং আমরা মনে করি, গণতন্ত্র নির্মাণ ও রক্ষার জন্য ইলেকট্রনিক মিডিয়াও ইতিবাচক ভূমিকা রেখেছে।’ গণমাধ্যমের বিষয়ে কোনো নির্দেশনা আছে কি না—জবাবে ইনু বলেন, নির্দেশনা থাকলে কাগজ নিয়েই দাঁড়াতেন।সভায় উপস্থিত একটি সূত্র জানিয়েছে, কিছু টেলিভিশনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের খবর কম গুরুত্ব দিয়ে প্রকাশের প্রসঙ্গ উঠলেও এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, দেশের ইলেকট্রনিক মিডিয়া বিকশিত হচ্ছে, প্রসারিত হচ্ছে। এই মাধ্যমের প্রসারকে কীভাবে আরও গতিশীল করা যায়, সে জন্য খোলামেলা আলোচনা হয়েছে।বৈঠকের বিষয়ে জানতে চাইলে বৈঠকে উপস্থিত বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল প্রথম আলোকে বলেন, ‘চ্যানেলের পক্ষ থেকে গণমাধ্যমের স্বাধীনতার পরিস্থিতি তুলে ধরা হয়। প্রথম বক্তা হিসেবে আমি বলেছি, শুধু সংবিধানে থাকলে বা অনেক গণমাধ্যম থাকলেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয় না।’ এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন সরকারের আমলে সাংবিধানিক স্বাধীনতা থাকা সত্ত্বেও বিভিন্ন উপায়ে নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ ছিল। টেলিভিশনের টক শো নিয়ে বৈঠকে কোনো কথা হয়নি বলে জানান তিনি।সভায় সম্প্রচার নীতিমালা, কেব্ল অপারেটরদের আচরণ, ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচার করতে চাইলে ফি দেওয়াসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।