প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আরও অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নিমতলী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান প্রদান অব্যাহত রয়েছে। লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং ফিনিক্স ফাইন্যান্সের পক্ষ থেকে কয়েক দিনের মধ্যে এসব অনুদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়। লাফার্জ সুরমা সিমেন্ট: লাফার্জ সুরমা সিমেন্ট ক্ষতিগ্রস্তদের জন্য ৫০০ মেট্রিক টন সুপারক্রিট সিমেন্ট অনুদান দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফ্রান্সের লাফার্জ গ্রুপের সিমেন্ট ডিভিশনের কো-প্রেসিডেন্ট ইসিডোরো মিরান্ডা বাংলাদেশ সফরকালে গতকাল বৃহস্পতিবার ওই অনুদান হস্তান্তর করেন। তাদের ওই অনুদান ভস্মীভূত বাড়িঘর পুনর্নির্মাণে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন মিরান্ডা। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানান। এ সময় লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাইকেল এন্ড্রু কাওয়েল ও ফাইন্যান্স ডিরেক্টর মাসুদ খান উপস্থিত ছিলেন।বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৬ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ২৬ লাখ টাকার চেক তুলে দেন সংগঠনের চেয়ারম্যান এ কে এম রফিকুল ইসলাম। এ সময় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, ফেডারেল ইনস্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সোহরাওয়ার্দী চৌধুরী, বিআইএর মহাসচিব মোল্লা মো. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।ফিনিক্স ফাইন্যান্স: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চেক হস্তান্তরের সময় ফিনিক্স ফাইন্যান্সের চেয়ারম্যান দীন মোহাম্মদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সোয়েব, পরিচালক এ কাদির চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম ইন্তেখাব আলম উপস্থিত ছিলেন।