প্রধানমন্ত্রীর প্রস্তাব জটিলতা বাড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব বাস্তবায়ন করা হলে দেশে জটিলতা আরও বাড়বে। গতকাল বৃহস্পতিবার পুরানা পল্টনের মুক্তি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এ অভিমত ব্যক্ত করেন। ২৭ এপ্রিল সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে শেখ হাসিনার সুপারিশে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে ব্যর্থ হলে আগের সরকারের অধীনেই নির্বাচন হবে। এ বিষয়ে মুজাহিদুল ইসলাম বলেন, এতে সমস্যার সমাধান হবে না, বরং বাড়বে। কারণ নির্বাচন পণ্ড করার জন্য আগের সরকার নানা রকম ষড়যন্ত্র শুরু করতে পারে। এতে একটা পর্যায়ে দেখা যাবে, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। বিএনপি সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধনের যে প্রস্তাব করে যাচ্ছে, তাকেও ভিত্তিহীন বলে মন্তব্য করেন মুজাহিদুল ইসলাম। তিনি বলেন, সংবিধান সংশোধন করবে সংসদ। এখানে লেনদেনের কোনো সুযোগ নেই। বড়জোর বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে। সিপিবির ভারপ্রাপ্ত সভাপতি হায়দার আকবর খান রনো সংবিধান সংশোধন বিষয়ে বিশেষ কমিটির সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করে বলেন, ‘আমরা সংসদে নেই, কিন্তু মুক্তিযুদ্ধে তো ছিলাম। সুতরাং কমিটি ইচ্ছা করলে মুক্তিযুদ্ধের সপক্ষের দলগুলোর সঙ্গে মতবিনিময় করতে পারে।’ সংবাদ সম্মেলনে সিপিবির পক্ষে সংবিধান সংশোধন সম্পর্কে লিখিত প্রস্তাব তুলে ধরেন মুজাহিদুল ইসলাম। এতে জনগণের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা পাওয়ার অধিকার বাধ্যতামূলক করার দাবি জানানো হয়। বলা হয়, সংবিধানে ‘ধর্মনিরপেক্ষতা’ বহাল রেখে রাষ্ট্রধর্ম ‘ইসলাম’ তুলে দিতে হবে। বাহাত্তরের সংবিধানের চার মূলনীতির বাইরে কিছু করা হলে সিপিবি তা সর্বশক্তি দিয়ে বাধা দেবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য সহিদুল্লাহ চৌধুরী, শামসুজ্জামান সেলিম, লক্ষ্মী চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রমুখ।