ক্ষমতার দুই বছর পূর্তি উপলক্ষে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণ দেশবাসীকে হতাশ করেছে বলে দাবি করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। মোর্চার নেতারা বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ভাষণ জনগণের মধ্যে কোনো আস্থা তৈরি করতে পারেনি। প্রতিদিন সরকারের মন্ত্রী-সাংসদেরা যেসব সাফাই গান, প্রধানমন্ত্রী তারই পুনরাবৃত্তি করেছেন। মহাজোট সরকারের “দিন বদলের সনদ” ক্ষমতার দুই বছরের মাথায় কীভাবে মুখ থুবড়ে পড়েছে, ভাষণে সে বিষয়ে কোনো স্বীকৃতি বা আত্মসমালোচনা নেই। বরং নিজেদের ব্যর্থতার দায় রাজনৈতিক বিরোধীদের ওপর চাপিয়ে পার পেতে চেয়েছেন প্রধানমন্ত্রী।’গতকাল শনিবার রাজধানীর তোপখানা রোডে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সম্মেলনে মোর্চার পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন মোর্চার সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।লিখিত বক্তব্যে আরও বলা হয়, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার সরকারের অঙ্গীকার হলেও, প্রধানমন্ত্রী তাঁর সরকারের বাকি সময়কালে যুদ্ধাপরাধীদের উপযুক্ত বিচারের বিষয়ে জনমনে কোনো আস্থা তৈরি করতে পারেননি। সরকারের ২৪ মাসেও দেশ ও জনগণের গুরুতর কোনো সংকট সমাধান না হওয়ার দায়ভার পুরোপুরি প্রধানমন্ত্রী ও তাঁর মহাজোট সরকারকেই বহন করতে হবে। গত দুই বছরে দুর্নীতি দমন কমিশন অকার্যকর হয়েছে, মানবাধিকার কমিশন ক্ষমতাহীন, বিচার বিভাগ নামে স্বাধীন হলেও সরকারি প্রভাবের বাইরে নয়, শ্রমিক-কর্মচারীসহ জনগণের গণতান্ত্রিক অধিকারকে বিভিন্নভাবে দমন করা হচ্ছে।সম্মেলনে বাম মোর্চার শুভ্রাংশু চক্রবর্তী, জোনায়েদ সাকী, বাবুল বিশ্বাস, নজরুল ইসলাম, বহ্নিশিখা জামালী প্রমুখ উপস্থিত ছিলেন।