প্রবাসী কর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে
প্রবাসে কর্মরত বাংলাদেশি কর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করতে দূতাবাসের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। প্রবাসীরা দূতাবাসে কোনো সমস্যা নিয়ে গেলে তার সমাধান করে দিতেও তিনি কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন।বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসে কর্মরত শ্রম কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মন্ত্রী এ নির্দেশ দেন। গতকাল বুধবার দুপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে এ বৈঠক হয়। বৈঠকে মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক হজরত আলীসহ বিভিন্ন মিশনে কর্মরত ২০ জন শ্রম কর্মকর্তা অংশ নেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে মন্ত্রী বলেন, ‘বিদেশে বাংলাদেশি কর্মীরা দেশের সোনার সন্তান। তাঁরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রাখেন। কিন্তু দূতাবাসের অনেক কর্মকর্তাই এই কর্মীদের সঙ্গে বাধ্য হয়ে হাত মিলিয়ে টিস্যু দিয়ে নাকি আবার হাত মোছেন। এমন কর্মকর্তার আমার দরকার নেই।’ শ্রম কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘শুধু শ্রমিকদের কাগজপত্রে স্বাক্ষর করাই আপনাদের দায়িত্ব নয়। শ্রমিকদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ ও তাঁদের সুবিধা-অসুবিধা জেনে সহযোগিতা করাও কর্তব্য।’মন্ত্রী বলেন, ‘বিদেশে শুধু বাংলাদেশি পতাকাসহ গাড়ি চড়ে বেড়ালে হবে না। আমাদের শ্রমবাজার আরও সম্প্রসারণ করার চিন্তা করতে হবে। বিদেশি কোনো প্রতিষ্ঠান দেশ থেকে শ্রমিক নেওয়ার জন্য চাহিদাপত্র পাঠালে তা যাচাই-বাছাই করতে প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করতে হবে।’ তিনি কাজ নিয়ে বিদেশে যাওয়ার পর কেউ যাতে প্রতারিত না হন, তা নিশ্চিত করতে করণীয় নির্ধারণেও শ্রম কর্মকর্তাদের নির্দেশ দেন।বিদেশে কোনো ঘটনা ঘটলে দূতাবাসের কর্মকর্তারা তথ্য পেতে গণমাধ্যমকে সহযোগিতা করেন না—এমন অভিযোগ প্রসঙ্গে খন্দকার মোশাররফ বলেন, সরকার তথ্য অধিকার আইন করেছে। সঠিক তথ্য দিলে গণমাধ্যমে সঠিক সংবাদ পরিবেশিত হবে। তিনি বলেন, শ্রমিকদের সব সমস্যা এক দিনে সমাধান করা সম্ভব নয়। তবে গুরুত্বপূর্ণ ইস্যুতে মিশনের কর্মকর্তাদের দায়িত্বশীল হতে হবে। মিশনের জনবল সংকটসহ বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও কাজ করে যেতে হবে।এর আগে গত মঙ্গলবার জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা এই শ্রম কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে। মতবিনিময়ে বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, জনশক্তি রপ্তানিকারক ও শ্রম কর্মকর্তারা পরস্পরের সহায়ক। তাই এই ধরনের মতবিনিময় দুই পক্ষের জন্যই একটি সুযোগ।বায়রার সভাপতি আবুল বাশার বলেন, জনশক্তি রপ্তানি খাতকে আরও এগিয়ে নিতে শ্রম কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের আরও উদ্যোগী হতে হবে। চাহিদাপত্র যেন তাঁরা দ্রুত সত্যায়ন করেন। প্রবাসী শ্রমিকদের সঙ্গে তাঁরা যেন কোনো অসৌজন্যমূলক ব্যবহার না করেন।বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসের শ্রম কর্মকর্তাদের নিয়ে ১৮ মার্চ ঢাকায় চার দিনের সম্মেলন শুরু হয়। শেষ হয় গতকাল। সম্মেলনে শ্রম কর্মকর্তারা বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।