প্রবাসীদের অবদানেই বাংলাদেশ হবে মধ্য আয়ের দেশ: মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে দিবসটি উদ্যাপন করা হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য: ‘আইন মেনে যাব বিদেশ, অর্থ এনে গড়ব স্বদেশ’।দিবসটি উপলক্ষে তিন দিনের অনুষ্ঠানের আয়োজন করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। গতকাল সোমবার এসব কর্মসূচি তুলে ধরেন প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই কর্মসূচিতে রাষ্ট্রপতির উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে বিদেশে থাকায় তিনি যোগ দিচ্ছেন না।দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তাঁর বাণীতে আশা প্রকাশ করে বলেন, অভিবাসী শ্রমিকেরা তাঁদের নৈতিকতা, কর্মকুশলতা ও সদ্ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি সর্বদা সমুন্নত রাখতে সচেষ্ট থাকবেন।প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, আন্তর্জাতিক কর্মসংস্থান-বাজারে অভিবাসী কর্মীদের কল্যাণ ও অধিকার সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দিবসটি উপলক্ষে গতকাল প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন দ্বিতীয় জনশক্তি রপ্তানিকারক দেশ। প্রবাসী-আয় অব্যাহত থাকলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। তবে যাঁরা এত কষ্ট করে বিদেশে যাচ্ছেন, তাঁদের যাওয়া যেন মর্যাদাপূর্ণ হয়, সব ধরনের প্রতারণা যেন বন্ধ হয়, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। এ ছাড়া অভিবাসন খরচ কমানোর কথাও বলেন মন্ত্রী।সংবাদ সম্মেলনে প্রবাসীকল্যাণসচিব জাফর আহমেদ খান, অতিরিক্ত সচিব হযরত আলী এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক বেগম শামছুন নাহার মন্ত্রণালয়ের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা কামাল, বিএমইটির পরিচালক (কল্যাণ) মোহসিন চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। দিবসটির তাৎপর্য তুলে ধরতে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল নিউ ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। প্রবাসীকল্যাণ ব্যাংকের আয়োজনে এ শোভাযাত্রাটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।এদিকে দিবসটি উপলক্ষে গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘অভিবাসী নারী শ্রমিক ও গণমাধ্যম’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন (বমসা)। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল ইক ইনু বলেন, নানা ধরনের কষ্ট ও সংকট সহ্য করে বাংলাদেশের মেয়েরা বিদেশে যাচ্ছেন এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন। তাঁদের অভিবাসন যেন নিরাপদ হয়, তাঁরা যেন পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, দেশে ফিরলে তাঁরা যেন নিরাপদে থাকতে পারেন, সে বিষয়ে রাষ্ট্রের পদক্ষেপ নেওয়া জরুরি। গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমে প্রবাসী এই নারী কর্মীদের সমস্যা ও সম্ভাবনার কথাগুলো তুলে ধরতে হবে। আমরা এ ব্যাপারে তথ্য মন্ত্রণালয় থেকে যা করা দরকার, সেগুলো করার চেষ্টা করব।’ প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হযরত আলী বলেন, নারী শ্রমিকদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হবে। এ জন্য তাঁদের প্রশিক্ষণ নিয়ে এবং সব ধরনের তথ্য জেনে বিদেশে যাওয়া উচিত। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইনজীবী ফরিদা ইয়াসমিন, বমসার পরিচালক সুমাইয়া ইসলাম, মহাসচিব এস কে রুমানা, লিলি জাহান প্রমুখ। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত তিন দিনের এ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আজ সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পর্যন্ত শোভাযাত্রা হবে। এরপর সেখানে আলোচনা সভা হবে।