প্রবাসীদের জন্য হাসপাতাল হচ্ছে ঢাকায়: প্রবাসীকল্যাণ মন্ত্রী
বিদেশফেরত কর্মীদের আর্থসামাজিকভাবে পুনর্বাসন করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, প্রবাসী কর্মীদের জন্য রাজধানী ঢাকার ভাটারায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
‘বিদেশফেরত প্রবাসী কর্মীদের করোনা-পরবর্তী পুনরেকত্রীকরণ: বিশ্লেষণ ও করণীয়’ শীর্ষক এক সভায় এসব কথা বলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অভিবাসনসংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব আহমেদ মুনিরুছ সালেহীন।
সভায় মন্ত্রী বলেন, অভিবাসনসংশ্লিষ্ট সব উন্নয়ন সহযোগী ও অংশীজনকে সঙ্গে নিয়ে বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন ও অভিবাসন খাতের উন্নয়ন ঘটাতে চায় সরকার।
প্রবাসী কর্মীদের সমস্যা সমাধানে সব অংশীজনদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় অভিবাসনসংশ্লিষ্ট অংশীজন হিসেবে আইএলও, আইওএম, ওকাপ, রামরু, আইসিএমপিডি, বিএনএসকে বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন ও অভিবাসন খাতের উন্নয়নসংক্রান্ত কার্যক্রম তুলে ধরে। সভায় বক্তব্য দেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম, আইওএম বাংলাদেশের চিফ অব মিশন গিওরগি গিগাওরি, আইএলওর লেটেসিয়া ওইবেল প্রমুখ।