প্রবীণদের আড্ডা, কিছুক্ষণের বিনোদন মনে থাকবে অনেক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরার কোকিলে’ গানের তালে তালে একদল নারী-পুরুষ নাচছেন। নাচ না বলে হাত-পা নাড়ছেন বলা যায়। যাঁরা নাচছেন তাঁদের অনেকের বয়স ৭০ ছুঁইছুঁই বা তারও বেশি। কিন্তু বয়স বা শারীরিক অবস্থার দিকে কারও খেয়াল নেই। গতকাল শনিবার আগারগাঁওয়ে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের চত্বরে এভাবেই প্রবীণেরা আনন্দে মেতে ওঠেন। নাচ শেষ করে প্রায় ৭০ বছর বয়সী কার্যনির্বাহী সদস্য মো. লুৎফর রহমান হাঁপাতে হাঁপাতে বললেন, ‘নাচতে খুবই ভালো লাগল।’প্রবীণ সংঘ প্রবীণদের চিত্তবিনোদন ও ভাববিনিময়ের জন্যই এই প্রবীণ আড্ডার আয়োজন করে। আড্ডা চলতে থাকে আপনগতিতে। যখন যাঁর যা মনে হচ্ছে, তা-ই করছিলেন। এসবের ফাঁকে চলে ভাবের আদান-প্রদান। আনন্দে মেতে থাকায় অনেকে চিকিৎসকের নিষেধাজ্ঞা অমান্য করে আস্ত একটি মিষ্টিও খেয়ে ফেলেন। একজন অনুশোচনা করে বলতে থাকেন, ‘মিষ্টিটা খাইয়া ফেললাম, আজ খবর আছে।’প্রতিষ্ঠানের মহাসচিব এ এস এম আতিকুর রহমান আড্ডার এক ফাঁকে বলেন, ‘দেশে বর্তমানে প্রবীণের সংখ্যা এক কোটি ২০ লাখ। ২০৫০ সাল নাগাদ দেশে শিশুর চেয়ে প্রবীণদের সংখ্যাই বেশি হবে।’আতিকুর রহমান সরকারের বয়স্ক ভাতা মাসিক ৩০০ থেকে ৫০০ টাকা, ভাতাভোগীর সংখ্যা ৫০ লাখে উন্নীত এবং প্রবীণদের স্বাস্থ্যসেবায় সরকারের ৬৫ লাখ টাকা অনুদানের পরিমাণ পাঁচ কোটি করার দাবি জানান। অনুষ্ঠানে প্রবীণ সদস্য মঞ্জুর কাদের মাকে নিয়ে একটি গান শোনান; তারপর শোনান ‘তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন’। একটু আগে যাঁরা গম্ভীর হয়ে মায়ের গান শুনছিলেন, তাঁরাই পরের গানটি শুনে তুমুল হাততালি দিতে থাকেন।নাচ-গানের ফাঁকে চলে আপ্যায়নপর্ব —লিচু, জাম, মিষ্টি ও সমুচার সঙ্গে চা। প্রবীণদের জন্য এ ধরনের আড্ডার জন্য যিনি টাকা দিয়েছেন তিনি নামটি প্রকাশ করতে চাইলেন না। তবে বললেন, ‘মা মারা যাওয়ার পর কিছু একটা করতে চেয়েছিলাম। তাই চার লাখ টাকা দিই।’ ঘটা করে আয়োজন করা ছাড়া এই মানুষগুলোর জীবনে বিনোদনের দেখা পাওয়া ভার। তাই অনুষ্ঠান শেষে এই বিষণ্ন একাকী মানুষগুলো আবার নিজেদের একাকিত্বের মধ্যে ডুবে যাবেন। তার পরও কিছুক্ষণের জন্য পাওয়া বিনোদনের স্মৃতিটুকু হয়তো মনে থাকবে অনেক দিন।