প্রবীণেরা চান সত্যিকার হিতৈষী, ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিমানের সাবেক কর্মকর্তা রফিকুল হকের পুত্রবধূ সানজিদা জামান ব্র্যাকে চাকরি করেন। তাঁর ইচ্ছা অসহায় বয়স্ক মানুষের জন্য কিছু করার। সেই উদ্দেশ্যে বেতনের টাকা থেকে কিছু টাকা আলাদা করে রেখেছিলেন। টাকাগুলো নিয়ে গত শুক্রবার তিনি প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সভায় যান। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখেন, এই সংঘের নিবাসী বয়স্ক মানুষের টাকা-পয়সার কোনো প্রয়োজন নেই। সঙ্গী-সাথিরও খুব একটা অভাব নেই। তাঁদের যা প্রয়োজন, তা হলো ‘ভালোবাসা’। একটু আদর-স্নেহ-ভালোবাসা পাওয়ার আশায় তাঁদের অপেক্ষার প্রহর কাটে। তাঁরা চান সত্যিকার হিতৈষী, সত্যিকার ভালোবাসা। রফিকুল হক এই প্রতিবেদককে বলেন, ‘শুধু আর্থিক সমস্যার কারণে নয়, এই বয়সে পরিবারের কেউ একটু অবহেলা করলেও সহ্য করা যায় না। তখন অনেকেই এ ধরনের নিবাসে থাকার সিদ্ধান্ত নেন।’ আপনার ছেলের বউ এত ভালো—এ প্রসঙ্গ তুলতেই রফিকুল হক হেসে বলেন, ‘হয়তো আমাকে কখনো নিবাসে থাকতে হবে না। কিন্তু আধুনিক জামানা, বলা তো যায় না।’শুক্রবার বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের (প্রবীণ হাসপাতাল, ইনস্টিটিউট ও নিবাস) ৪৩তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রমের ফাঁকে রফিকুল হক ও তাঁর পুত্রবধূর সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। রফিকুল হক এই সংঘের আজীবন সদস্য।প্রতিষ্ঠান চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদও পরিবারের ভাঙন ও বিভিন্ন কারণে বয়স্কদের অবহেলা করার প্রবণতাকে ‘যুগের ব্যাধি’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ঘুণে ধরা সমাজে বয়স্ক ব্যক্তিরা সম্মান পান না। আমিও প্রবীণদের দলে চলে গেছি। প্রবীণ ব্যক্তিরা কঠোর পরিশ্রমের কাজ করতে না পারলেও তাঁদের পরামর্শ ও অভিজ্ঞতা জাতিকে সামনের দিকে নিয়ে যেতে সহায়তা করে।’অনুষ্ঠানে আয়োজক সংস্থার মহাসচিব ক্যাপ্টেন (অব.) এ কে এম শামছুল হক হিতৈষী সংঘসহ দেশের প্রায় এক কোটি প্রবীণের জন্য একটি অধিদপ্তর গড়ে তোলার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। বার্ষিক সাধারণ সভার সকালের অধিবেশনে সভাপতিত্ব করেন হিতৈষী সংঘের সভাপতি ডা. মোহাম্মদ আয়াজউদ্দিন।