এশিয়ার ৪৯টি দেশের মধ্যে বেশি পানি নিরাপত্তা ঝুঁকিতে আছে—এমন আটটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। এ নিরাপত্তাহীনতা থেকে মুক্ত হতে নদী ও জলাশয় দখল এবং তা দূষণ বন্ধ করতে হবে। প্রশাসনিক দুর্বলতা ও রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হয়ে পানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল সোমবার বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বিভিন্ন পরিবেশ ও নাগরিক সংগঠনের নেতারা এসব কথা বলেন। ‘নদী-জলাশয় সুরক্ষা একই সঙ্গে, এখনই, দূষণ ও দখল রোধে চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা’ এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত মানববন্ধন যৌথভাবে আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ ওয়াটার ইন্টেগ্রিটি নেটওয়ার্ক (বাউইন), ক্লাইমেট ফিন্যান্স গভর্ন্যান্স নেটওয়ার্ক (সিএফজিএন), বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ।মানববন্ধনে বক্তারা জানান, জাতীয় পানিনীতিতে ভূ-উপরিভাগের পানির যৌথ ব্যবহারের ওপর জোর দেওয়া হলেও শুধু ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যতে পানি নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করবে। মানববন্ধনে অংশ নিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, প্রশাসনিক দুর্বলতা ও রাজনৈতিক বিভিন্ন প্রভাবের কারণে পানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভবপর না হওয়ায় জাতীয় স্বার্থ ব্যাপকভাবে ক্ষুণ্ন হচ্ছে এবং দখল ও দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় দেশের পরিবেশের ব্যাপক ক্ষতিসাধিত হচ্ছে।মানববন্ধনে যে নয় দফা দাবি উত্থাপিত হয় সেগুলো হলো হাইকোর্টের আদেশ অমান্য করে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ, বালু ও ধলেশ্বরী নদীর ভেতরে ওয়াকওয়ে ও সীমানা খুঁটি বসানো বন্ধ করে স্থায়ীভাবে নদীর প্রকৃত সীমা নির্ধারণ; পানিসম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত ও পানিসম্পদ রক্ষায় জাতীয় পানিনীতির (১৯৯৯) দ্রুত বাস্তবায়নে সুনির্দিষ্ট সময়ভিত্তিক পদক্ষেপ গ্রহণ ও তার পরিবীক্ষণ নিশ্চিত করা; ক্ষমতাবান ব্যক্তি, ব্যবসায়ীদের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে নদী, হাওর-বাঁওড়, খাল-বিল, হ্রদ, জলাশয় ও জলমহালগুলোর বেআইনি দূষণ ও দখল বন্ধে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; পানিসম্পদকেন্দ্রিক সব ধরনের উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নে স্থানীয় জনগণের অধিকার এবং অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা; পানির উৎসগুলোর দূষণ ও দখল রোধে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ এবং সুন্দরবনের পাশে পশুর নদের তীর থেকে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের স্থান সরিয়ে তা পরিবেশের জন্য নিরাপদ স্থানে স্থাপন।