প্রভাবশালীদের স্বার্থে রাজধানীকে বিপর্যস্ত হতে দেওয়া যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র কয়েকজন প্রভাবশালী ব্যক্তির স্বার্থের জন্য ঢাকা মহানগরকে আর বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া যাবে না। প্রকৃতি ও পরিবেশকে ঠিক রেখে পরিকল্পনা করতে হবে। আর এই পরিকল্পনা মেনে নেওয়া সবার নৈতিক দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য মহানগর রেখে যেতে হবে।গতকাল পরিকল্পিত নগরায়ণের দাবি এবং ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) বিরুদ্ধে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি ও শিক্ষক-পেশাজীবীদের প্রতি ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে আয়োজিত সভায় বক্তারা এ কথা বলেন। সভা থেকে ড্যাপের দ্রুত বাস্তবায়ন এবং ঢাকার চারপাশের দখল করা জলাভূমি থেকে ভূমিদস্যুদের উৎখাতের জোর দাবি জানানো হয়।সভায় বলা হয়, ড্যাপ বিষয়ে পূর্ত প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ড্যাপ রিভিউ কমিটির সদস্যদের সঙ্গে কিছু ডেভেলপার যে অশোভন আচরণ করেছেন, তা অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক। তাঁদের শক্ত হাতে দমন এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য বিচার করতে বক্তারা সরকারের প্রতি দাবি জানান।বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) ও নগর গবেষণাকেন্দ্রের (সিইউএস) যৌথ উদ্যোগে বিআইপি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বাপার সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদের সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন বাপার নগরায়ণ ও সুশাসন কমিটির সদস্যসচিব ইকবাল হাবিব।অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, ‘কিছু লোকের স্বার্থ রক্ষার জন্য ঢাকা মহানগরের বিশাল জনগোষ্ঠীর স্বার্থ বিনষ্ট হতে পারে না।’ তিনি বলেন, সরকারের আন্তরিকতা থাকা সত্ত্বেও একটি গোষ্ঠী ড্যাপ চূড়ান্ত করায় বিরোধিতা করছে। এমনকি তারা সরকারের উচ্চপর্যায়ের সভায়ও অশালীন আচরণ করেছে, যা খুবই দুঃখজনক।বাপার সহসভাপতি এ এস এম শাহজাহান বলেন, দেশ ও জনগণের স্বার্থ আগে ভাবতে হবে। জনগণের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং অন্যায়কারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।স্থপতি ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন বলেন, নিজেদের স্বার্থের জন্য একটি গোষ্ঠী মহানগরের চারপাশের নদী-জলাশয়কে ধ্বংস করে ফেলেছে। সভায় অন্যদের মধ্যে বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন, সিইউএসের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বিআইপির সভাপতি সারওয়ার জাহান, গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব কামরুল হাসান খান, বুয়েটের শিক্ষক ইসরাত ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুবা নাসরিন, বিআইপির সহসভাপতি রেজাউল করিম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, সেক্টর কমান্ডারস ফোরামের কোষাধ্যক্ষ মেজর জেনারেল (অব.) জামিল ডি আহসান, চিত্রশিল্পী আবদুল মান্নান বক্তব্য দেন।