তুরাগ নদ দখল করে গড়ে তোলা ১০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে প্রভাবশালী দখলদারদের কয়েকটি স্থাপনা ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে। ঢাকা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনের নেতৃত্বে গতকাল রোববার দুপুর ১২টার দিকে আবদুল্লাহপুর এলাকায় টঙ্গী সেতুর পশ্চিম পাশে ওই অভিযান চালানো হয়। পরিকল্পনা ছিল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদের প্রায় ১০ বিঘা খাস জমি উদ্ধার করার। কিন্তু নদ থেকে তীরের পাকা ভবন ভাঙার জাহাজ (ভ্যাকু) না থাকায় তা সম্ভব হয়নি। উদ্ধার হয়েছে মাত্র চার-পাঁচ কাঠা জমি। তেঁজগাও সার্কেলের সার্ভেয়ার জাকির হোসেন প্রথম আলোকে বলেন, উচ্চ আদালতের নির্দেশে সিএস রেকর্ড অনুযায়ী আবদুল্লাহপুর মৌজায় টঙ্গী সেতুর পশ্চিমে ও পূর্বে তুরাগ নদ দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। গতকাল প্রথম দফার উচ্ছেদ অভিযান শেষে ম্যাজিস্ট্রেট নদের ওপর গড়ে তোলা চারতলা একটি ভবন উচ্ছেদের নির্দেশ দেন। কিন্তু বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানান, ভবনটি ভাঙার জন্য ভ্যাকু প্রয়োজন। ম্যাজিস্ট্রেট ভ্যাকু আনার নির্দেশ দিলে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানান, সেতুর নিচ দিয়ে ভ্যাকু আসে না। এ সময় ম্যাজিস্ট্রেট নিজেই বিআইডব্লিউটিএর ট্রলার নিয়ে টঙ্গী সেতুর কাছ থেকে একটি ভ্যাকু আনার উদ্যোগ নেন। দুপুর দুইটার দিকে ওই ভ্যাকু দিয়ে আবার উচ্ছেদ অভিযান শুরু হয় এবং আগের চারতলা ভবনটির একাংশ ভাঙা হয়।ভাঙার সময় ভবনের মালিক আবুল হাশেমের ছেলে মোহাম্মদ সেলিম সাংবাদিকদের বলেন, ‘শুধু আমাদের ভবনটি ভাঙা হয়েছে। বেঙ্গল পেপার মিল নদীর মধ্যে কারখানা করেছে। তাদের কিছুই বলা হয় না। তাগো কাছেও যেতে পারে না।’ আরেক দখলদার কফিল উদ্দিন অভিযোগ করেন, নদের মধ্যে শুধু বাঁশের ঘর উচ্ছেদ করা হচ্ছে। চারতলা, পাঁচতলা বিল্ডিংয়ের কিছুই হয় না। একটি পাকা ভবনও ভাঙে না। এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন জানান, ‘আজই শেষ নয়, সব অবৈধ স্থাপনাই উচ্ছেদ করা হবে।’চুরির দায়ে তিনজনের জেল: চুরির দায়ে তিন শ্রমিককে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন। গতকাল উপরোক্ত সওজের কার্যালয়সংলগ্ন তুরাগ নদে নির্মিত অবৈধ স্থাপনা ভাঙার সময় উজ্জ্বল, রাসেল ও সুমন নামে তিন শ্রমিকের বিরুদ্ধে ব্যাংক কর্মচারী কামাল হোসেন, গৃহবধূ মিনা আক্তার ও হেনা বেগম টাকা এবং অলংকার চুরির অভিযোগ করেন। এ সময় লুঙ্গি-কাপড়সহ উজ্জ্বল, রাসেল ও সুমনকে আটক করে তুরাগ থানার পুলিশ। হাতেনাতে ধরে ফেলার পর ম্যাজিস্ট্রেট তিনজনকেই এক মাস করে কারাদণ্ডের নির্দেশ দেন। এরপর তুরাগ থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।