প্রভাষক পদের প্রার্থী ছিনতাই করলেন মোটরসাইকেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেল ছিনতাইয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকপ্রার্থীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। দুই দিন শাহবাগ থানায় আটক থাকার পর গতকাল বৃহস্পতিবার তিনি মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন।তাঁর নাম ফুয়াদ আলম। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসভাপতি ও বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এমফিলের ছাত্র তিনি। সম্প্রতি তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক পদে প্রার্থী হিসেবে আবেদন করেছেন। নৃবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র তাঁর সহযোগী মাহতাব উদ্দিনকে একই অভিযোগে আটক করা হয়েছিল।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল শাহবাগ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্রকে মারধর করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এ ঘটনার পর বিভিন্ন হল ও বিভাগের প্রথম বর্ষের কিছু শিক্ষার্থী কয়েকটি ভাগে বিভক্ত হয়ে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বহিরাগতদের জোরপূর্বক বের করে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ফুলার রোড এলাকা থেকে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে মোটরসাইকেলসহ আটক করেন কিছু ছাত্র। আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্র সৌরভ মোটরসাইকেলটি নিয়ে সূর্য সেন হলের সামনে যান। এর কিছুক্ষণ পর ফুয়াদ ও মাহতাব আরেকটি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। নিজেদের ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা পরিচয় দিয়ে মোটরসাইকেলটি প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়ার কথা বলে কেড়ে নেন।এদিকে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে সৌরভকে আটক করে শাহবাগ থানায় পাঠানো হয়। পাঁচ দিন শাহবাগ থানায় আটক থাকার পর তাঁর বাবা মোটরসাইকেলের মালিককে এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা দিয়ে ১৪ এপ্রিল সৌরভকে মুক্ত করেন।সৌরভ সাংবাদিকদের বলেন, বন্ধুদের কথায় তিনি মোটরসাইকেলটি আটক করেছিলেন। কিন্তু তা তাঁর কাছ থেকে ছিনতাই করে নিয়ে যান ফুয়াদ ও মাহতাব।গত সোমবার রাতে কবি জসীমউদ্দীন হলের সামনে ফুয়াদকে দেখতে পেয়ে চিনতে পারেন সৌরভ। বিষয়টি প্রক্টরকে জানালে তিনি ঘটনাস্থলে এসে ফুয়াদকে নিয়ে তাঁর কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেন। ফুয়াদ মোটরসাইকেল ছিনতাইয়ের কথা স্বীকার করেন এবং মুঠোফোনে যোগাযোগ করে মোটরসাইকেলটি ফিরিয়ে দেন। এ সময় তাঁর সহযোগী মাহতাব ঘটনাস্থলে উপস্থিত হলে তাঁকেও শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, ‘ফুয়াদ ও মাহতাব দুজনই মোটরসাইকেল ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন। আমাদের ধারণা, তাদের একটি চক্র বিশ্ববিদ্যালয় এলাকায় মোটরসাইকেল ছিনতাইয়ের কাজ করে।’