বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা দূর করা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হলে আদালতের কার্যক্রমে ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করতে হবে। আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার আইনশৃঙ্খলার উন্নতি ও অপরাধীর সাজা নিশ্চিত করতে সহায়তা করবে।গতকাল বুধবার সকালে পরিকল্পনা কমিশন মিলনায়তনে ‘ন্যায়বিচারে অভিগম্যতা’ বিষয়ে সংলাপ অনুষ্ঠানে বক্তারা এ অভিমত দেন। তাঁরা বলেন, ‘আমাদের বিচারব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার না হওয়ায় সাক্ষ্য গ্রহণ, সমন জারি, রায় দেওয়া ও রায়ের কপি সংগ্রহ করার মতো কাজে অনেক সময় লেগে যায়।’কর্মশালায় কর্মসূচির গবেষণা সমন্বয়ক ফাইয়াজউদ্দিন আহমেদ বলেন, ‘ভারতসহ বিভিন্ন দেশে বিচারব্যবস্থায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবা প্রদান-প্রক্রিয়ায় জবাবদিহি ও স্বচ্ছতা বাড়ানো গেছে। আমাদের দেশে আদালতে যেভাবে নথি রাখা হয়, তাতে বহু সমস্যা দেখা দেয়। প্রয়োজনের সময় অনেক নথি খুঁজে বের করা কঠিন হয়ে পড়ে। ডিজিটালি সব নথি সংরক্ষণ করা গেলে এসব সমস্যা থাকবে না। নথি সংরক্ষণ ছাড়াও কজলিস্ট, বিচারকের আদেশ, মামলার রেফারেন্স, রেকর্ড এমনকি রায়ও অনলাইনে থাকবে। এতে কাজ করতে অনেক সুবিধা হবে।’পুলিশকেও তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে বলে মতো দিয়ে ফাইয়াজউদ্দিন বলেন, এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধীদের সাজা নিশ্চিত করা যাবে। তিনি বলেন, ‘এরই মধ্যে পুলিশ অনেক প্রযুক্তি ব্যবহার করছে। তবে এখনো আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর দক্ষতা অতটা উন্নত হয়নি।’পরে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের পরামর্শ দেন। মহিলা আইনজীবী সমিতির সালমা আলী বলেন, ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে থানার ভূমিকা গুরুত্বপূর্ণ। থানায় একটা জায়গা থাকা উচিত, যেখানে গেলে ভুক্তভোগীরা সব ধরনের তথ্য পাবেন।ব্র্যাকের অ্যাডভোকেসি, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি বিভাগের পরিচালক শিপা হাফিজা বলেন, অনলাইনে একটি পৃষ্ঠায়ই যেন সব তথ্যের সূত্র থাকে, সেই চেষ্টা করতে হবে।নারীপক্ষের হাবিবুন্নেছা বলেন, রায়ের পর সার্টিফাইড কপি জোগাড় করতে অনেক সময় লেগে যায়। এই কপি কীভাবে দ্রুত অনলাইনে দেওয়া যায়, সে চিন্তা করতে হবে।ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটির সমন্বয়কারী শাকিল আহমেদ খান বলেন, ‘আমাদের কারাগারগুলোতে তথ্য পাওয়ার প্রকট সমস্যা রয়েছে। হাজতিরা তাদের মামলার নম্বর কত, কবে মামলার তারিখ পড়েছে, সেটা জানতে পারে না। অনেক সময় মামলার তথ্য জেলাররাও জানেন না। ফলে হাজতিরা আত্মপক্ষ সমর্থন করতে পারে না।’নতুন প্রযুক্তির বিষয়ে অনীহার প্রবণতা তুলে ধরে পুলিশের সহকারী মহাপরিদর্শক শাহ আলম বলেন, ‘আমাদের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “হ্যাঁ, সবকিছু ভালো। কিন্তু আমাকে কম্পিউটার ধরতে বোলো না”।’ তিনি আরও জানান, সরকার ডিজিটাল বাংলাদেশের জন্য কাজ করছে। অথচ ২০১০ সালের বাজেটে পুলিশের কম্পিউটার কেনার জন্য এক কোটি টাকাও বাজেট হয়নি। এখন কম্পিউটার না থাকলে অনলাইনে জিডি হবে কীভাবে?তথ্যপ্রযুক্তি সম্পর্কে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় জনসচেতনতা বাড়াতে কাজ করার তাগিদ দেন অ্যাকশনএইডের বাংলাদেশ প্রতিনিধি ফারাহ কবীর। তিনি বলেন, আদালত ও পুলিশ বাহিনীতে নতুন প্রযুক্তি সন্নিবেশ করতে হবে। কিন্তু সাধারণ মানুষ যদি এসব সম্পর্কে না জানে, তাহলে কোনো লাভ হবে না।পুলিশ রিফর্ম প্রোগ্রামের আইসিটি সিস্টেমস অ্যান্ড স্ট্র্যাটেজি স্পেশালিস্ট ভয়চেক কপ্রোভিচ বলেন, পারিবারিক সহিংসতার বিচার করতে হলে ডিএনএ প্রতিবেদনের প্রয়োজন হতে পারে। হাতের ছাপ ও ব্যালাস্টিক প্রতিবেদনও জরুরি অপরাধী ধরতে। এসব নিশ্চিত করা গেলে ভুল আসামি গ্রেপ্তারের ঘটনা অনেক কমে আসবে।আনসার ও ভিডিপির উপমহাপরিচালক এ কে এ মিজানুর রহমান বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে হলে শুধু শাস্তি দিলেই চলবে না। সংশোধনের জন্যও কাজ করতে হবে। মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিনিধি রুমা সুলতানা বলেন, সবার জন্য সঠিক তথ্য কীভাবে নিশ্চিত করা যায়, এদিকে নজর দিতে হবে।আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইএমওর প্রতিনিধি আসিফ মুনির বলেন, শুধু ইন্টারনেটে আধেয় দিলেই চলবে না, দ্রুতগতির ইন্টারনেট সংযোগও নিশ্চিত করতে হবে।আদালতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাক্ষ্য নেওয়ার পরামর্শ দেন যুগ্ম জেলা জজ হুমায়ুন কবীর। তিনি বলেন, এতে অনেক সময় বাঁচবে। নিম্ন আদালতের সঙ্গে সুপ্রিম কোর্টের অভ্যন্তরীণ ইন্টারনেট যোগাযোগসুবিধা থাকলে ভালো হয় বলেও মত দেন এই বিচারক।মুক্ত আলোচনার পর সভাপতির বক্তব্যে আইন ও বিচার বিভাগের সচিব আনোয়ারুল হক আদালতে জবানবন্দি লিখতে অনেক সময় লাগে উল্লেখ করে বলেন, উন্নত বিশ্বে এটি রেকর্ড করা হয়। রায়ের কপি পাওয়ার জন্য অপেক্ষার বিড়ম্বনা এড়াতে রায়ের ভাষ্য অনলাইনে তুলে দেওয়ার পরামর্শ দেন তিনি।ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল করা ও গরিব মানুষের জন্য আইনগত সহায়তা দেওয়ার যে ব্যবস্থা আছে, তা জনগণকে জানানোরও পরামর্শ দেন সচিব।কর্মশালার সঞ্চালক ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের যুগ্ম প্রধান এস এম নাসিম উদ্দিন।