প্রযুক্তির ব্যবহার সাবলীল করতে ইংরেজিতে দক্ষতা বাড়াতে হবে
শিক্ষা ও যোগাযোগসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে দিন দিন প্রযুক্তির ব্যবহার বাড়ছে। তাই প্রযুক্তির ব্যবহার সাবলীল করতে মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে হবে।গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইংরেজির শিখন ও শিক্ষণ’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে ইংরেজি বিভাগ দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে। দেশ ও দেশের বাইরে থেকে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা এ সেমিনারে অংশ নেন। হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হেলেন বন্ড সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী বলেন, প্রযুক্তির ব্যবহারের কলাকৌশল রপ্ত করতে আন্তর্জাতিক ভাষা ইংরেজির প্রয়োজন হয়। এ ছাড়া শিক্ষকেরা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নিজের শিক্ষণপদ্ধতির উন্নয়ন ও তাঁদের ছাত্রছাত্রীদের আরও দক্ষ করে গড়ে তুলতে পারেন। মূল প্রবন্ধে হেলেন বন্ড প্রযুক্তির ব্যবহার, প্রবেশগম্যতা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে ইংরেজি ভাষার ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ইংরেজি আন্তর্জাতিক ভাষা হওয়ার সুবাদে বিশ্বব্যাপী প্রকাশনার বড় অংশ ইংরেজিতে রচিত। তা ছাড়া শিক্ষণ ও শিখনের কৌশলগুলোর জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, যার অধিকাংশই ইংরেজিতে। তাই প্রযুক্তির ব্যবহার সাবলীল করতে হলে এ ভাষা ভালোভাবে রপ্ত করতে হবে। তিনি বাংলাদেশে ইন্টারনেট প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারের প্রশংসা করেন।ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তাহমিনা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমাদ, ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক ফখরুল আলম প্রমুখ বক্তব্য দেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর ওয়ার্কিং সেশন শুরু হয়। সেখানে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ইংরেজির শিখন ও শিক্ষণ কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের সম্যক ধারণা দেয়া হয়।