রাজধানীর উত্তরায় পারভিন আক্তার কণিকা নামের এক তরুণীকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে ব্যবসায়ী অনু জমাদ্দারকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁকে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সেলিম হোসেন জানান, অনু জমাদ্দার ব্রিলিয়ান্ট হীরা লিমিটেড নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। টঙ্গীর সেনাকল্যাণ ভবনে প্রতিষ্ঠানের কার্যালয়। ওই প্রতিষ্ঠানে অফিস ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন কণিকা। সেখানেই তাঁদের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি কণিকা বিয়ের জন্য অনু জমাদ্দারকে চাপ দিচ্ছিলেন। বিষয়টি নিয়ে গত রোববার রাতে উত্তরা নয় নম্বর সেক্টরে কণিকার ফ্ল্যাটে তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়। অনু জমাদ্দার তাঁর ব্যবসা ভালো যাচ্ছে না—এ অজুহাত এনে কণিকাকে বিয়ে করতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে কণিকা একপর্যায়ে জোর করে অনু জমাদ্দারকে ফ্ল্যাট থেকে বের করে দিয়ে ওই রাতেই গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।