বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টারস অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) কমিটি বাতিল ও প্রশাসক নিয়োগের আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি আদেশ দেন।রুলে আদেশটি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বাণিজ্যসচিব, বাণিজ্য সংগঠনের পরিচালক ও প্রশাসককে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে বারভিডা নির্বাচনের জন্য নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করতে বাণিজ্য সংগঠনের পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। এই বোর্ডকে নির্বাচন শেষ করে আগামী বছরের ১৫ জানুয়ারির মধ্যে নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করতে বলা হয়েছে।১৮ অক্টোবর এক আদেশে বারভিডার কার্যকরী কমিটি বাতিল ও প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে বাতিল হওয়া কমিটির সভাপতি আবদুল মান্নান চৌধুরী ২০ অক্টোবর হাইকোর্টে রিট আবেদনটি করেন। দুই দিন শুনানির পর গতকাল আদালত আদেশ দেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি।পরে শেখ মোহাম্মদ মোরশেদ প্রথম আলোকে বলেন, আদালত কার্যকরী কমিটি বাতিল ও প্রশাসক নিয়োগের আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন। ফলে বর্তমান কার্যকরী কমিটি তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। তবে কে এম মাসুদ রুমি বলেন, স্থগিতাদেশের ফলে বর্তমান কমিটি নির্বাচনসংক্রান্ত কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না।২০১০ সালের ২৭ ডিসেম্বর বারভিডার সর্বশেষ নির্বাচন হয়। দুই বছর মেয়াদি ওই কমিটির মেয়াদ আগামী বছরের ১৫ জানুয়ারি শেষ হওয়ার কথা।