প্রশাসনে মৌলবাদী শক্তি ঢুকে পড়ায় সাম্প্রদায়িক ঘটনা ঘটছে: মেনন
মহাজোট সরকারের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন অভিযোগ করেছেন, প্রশাসনের সব জায়গায় সূক্ষ্মভাবে সাম্প্রদায়িকতা ও মৌলবাদী শক্তি ঢুকে পড়েছে। এ জন্য একের পর এক সাম্প্রদায়িক ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের রামুর বৌদ্ধপল্লিতে হামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ যুব মৈত্রীর দুই দিনব্যাপী ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদ মোকাবিলায় তিনি যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।রাশেদ খান মেনন বলেন, ‘সারা দেশে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। একের পর এক ঘটনার মধ্য দিয়ে সাম্প্রদায়িকতার বিচিত্র রূপ দেখতে পাচ্ছি। কোথাও হিন্দু, কোথাও পাহাড়ি আবার কোথাও বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন আক্রান্ত হচ্ছে। একটি গোষ্ঠী মনে করে, এই সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে পারলে যে শক্তিকে আমরা পরাজিত করেছিলাম—সেই মৌলবাদী শক্তির আবার উত্থান ঘটবে।’ মেনন আরও বলেন, ‘দুর্নীতি-দুর্বৃত্তায়নে দেশ লুটপাটের রাজত্বে পরিণত হয়েছে। অনেক চেষ্টায় যে মহাজোট সরকার কায়েম করেছিলাম—সেখানেও আমরা বারবার হোঁচট খাচ্ছি।’ অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। তিনি বলেন, গত মাসে রাঙামাটিতে আর এ মাসে রামুতে বর্বর ঘটনা ঘটেছে। এগুলো বৈষম্য-বিভেদের বহিঃপ্রকাশ। সম্মেলনের উদ্বোধক কামাল লোহানী বলেন, পাহাড়ের ঘটনা জাতীয় লজ্জা। দেশকে এই অবস্থা থেকে রক্ষা করতে হলে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। যুব মৈত্রীর ভারপ্রাপ্ত সভাপতি কিশোর রায়ের সভাপতিত্বে অধিবেশনে আরও বক্তব্য দেন সাংসদ ফজলে হোসেন বাদশা, নুর আহমদ, মামুনুর রশীদ, মিনহাজ উদ্দিন, মোস্তফা চৌধুরী, মোস্তফা আলমগীর প্রমুখ।