বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ও নিজেরা করির কর্মশালায় বক্তারা
প্রশাসনের সহায়তায় ক্ষমতাসীনেরা পরিবেশ ধ্বংস করছেন
পরিবেশ আইন লঙ্ঘন করে দেশের বিভিন্ন স্থানে পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড চলছে। বেশির ভাগ ক্ষেত্রে এই তৎপরতার সঙ্গে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা জড়িত। এই কাজে তাঁদের সহায়তা করছে প্রশাসনযন্ত্র। এতে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও বেসরকারি সংস্থা নিজেরা করি আয়োজিত ‘সিদ্ধান্ত গ্রহণে জনমত যাচাই: পরিবেশগত প্রভাব নিরূপণের গুরুত্ব’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পরিবেশ আন্দোলনের কর্মীরা কর্মশালায় বক্তব্য দেন।স্বাগত বক্তব্যে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কোনো প্রকল্প বাস্তবায়নের আগে পরিবেশের ওপর কী ধরনের প্রভাব পড়বে তা সঠিকভাবে জানতে পরিবেশগত প্রভাব সমীক্ষার নিয়ম রয়েছে। কিন্তু সরকারের সামাজিক বনায়নের আগ্রাসনের কারণে বিপন্ন মধুপুর শালবন, ফুলবাড়ী কয়লাখনি প্রকল্প, দেশের দক্ষিণাঞ্চলের কৃষিজমিতে লোনা পানিতে চিংড়ি চাষ করাসহ প্রতিটি ক্ষেত্রে পরিবেশগত প্রভাবকে আমলে নেওয়া হয়নি। ফলে স্থানীয় জনগণ এসব প্রকল্পের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে।সিলেটের জাফলং থেকে আসা হাসান মোর্শেদ বলেন, পাহাড় ও নদী থেকে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন নিষিদ্ধ করে উচ্চ আদালত থেকে আদেশ দেওয়া হয়েছে। তার পরও স্থানীয় প্রভাবশালী মহল ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের সহায়তায় জাফলং ও সারি নদী থেকে পাথর তুলছে। পাথর পরিবহনের জন্য ডাউকি নদীর ওপর স্থানীয় যুবলীগের সভাপতি সেতু নির্মাণ করে নদীর স্বাভাবিক পথ বন্ধ করে দিয়েছেন। খুলনার রূপসা উপজেলার পদ্মবিল এলাকার বজলুর রহমান জানান, ওই এলাকায় তিনফসলি কৃষিজমিতে খুলনা ওয়াসা একটি পানি শোধনাগার নির্মাণ করতে চাইছে। এলাকাবাসী এক কিলোমিটার দূরে একটি চরের মধ্যে শোধনাগার স্থাপনের জন্য প্রস্তাব করলেও খুলনার মেয়র তা মানতে চাইছেন না। তিনি স্থানীয় লোকজনকে বলেছেন ক্ষতিপূরণের টাকা নিয়ে জমি ছেড়ে দিতে। রাজধানীর দক্ষিণখান থেকে আসা মনোয়ারা বেগম ও আবদুর রফিক বলেন, একটি আবাসন কোম্পানি সেখানে স্থানীয় লোকজনের জমি ও ঘরবাড়ি থেকে শুরু করে কবরস্থান পর্যন্ত সবকিছু দখল করে নিয়েছে। পুলিশ ও র্যা বের কাছে এ বিষয়ে প্রতিকার চাইতে গেলে তারা উল্টো ওই কোম্পানির পক্ষে কথা বলে। তাদের কাছে নামমাত্র মূল্যে জমি বিক্রি করে দেওয়ার পরামর্শ দিচ্ছে প্রশাসন। সমাপনী বক্তব্যে রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ সংরক্ষণ আইনের ৮ ও ১২ ধারায় গণশুনানির ব্যবস্থা এবং পরিবেশগত ছাড়পত্র দেওয়ার আগে পরিবেশগত সমীক্ষা করার কথা রয়েছে। আবাসন প্রকল্পের পরিবেশগত ছাড়পত্র পেতে হলে পরিবেশগত প্রভাব নিরূপণ করা বাধ্যতামূলক। কিন্তু তা না করা সত্ত্বেও রাজউক প্রকল্পের অনুমোদন দিয়েছে।