প্রশিকার নির্বাহী প্রধানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
প্রশিকা ফেব্রিক্সের কর্মকর্তাকে মারধরের অভিযোগে এনজিও প্রশিকা মানবিক সংস্থার নির্বাহী প্রধান মাহবুব-উল-করিমসহ নয়জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল বুধবার বিকেলে প্রশিকা ফেব্রিক্সের কর্মকর্তা পরিচয়ে জনৈক শামসুর রহমান বাদী হয়ে পল্লবী থানায় এই মামলা করেন। পুলিশ সূত্র জানায়, শামসুল ইসলাম তাঁর এজাহারে অভিযোগ করেছেন, গতকাল বেলা তিনটার সময় তিনি প্রশিকা ভবনের সামনে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মাহবুব-উল-করিম ২০-২৫ জনকে সঙ্গে নিয়ে গজারি লাঠি দিয়ে তাঁকে পিটিয়ে আহত করেন। বিকেল সাড়ে চারটায় মামলাটি রুজু করা হয়। এজাহারে নয়জনের নাম উল্লেখ ছাড়াও আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।গত কয়েক মাস ধরে প্রশিকা কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে নানা ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে ১৩ জানুয়ারি রাজধানীর মিরপুরে এনজিওটির প্রধান কার্যালয় প্রশিকা ভবনের নিয়ন্ত্রণ নেয় পুলিশ। ভবনের সব চাবিও পুলিশ নিয়ে নেয়।চাবি ফেরত পেতে মাহবুব-উল-করিম হাইকোর্টে রিট করেন। ১৯ জানুয়ারি আদালত প্রশিকা ভবনের চাবি আদেশ পাওয়ার দুই দিনের মধ্যে মাহবুব-উল-করিমকে বুঝিয়ে দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও মিরপুর অঞ্চলের উপপুলিশ কমিশনারকে নির্দেশ দেন।মামলার বিষয়ে গতকাল সন্ধ্যায় মাহবুব-উল-করিম প্রথম আলোকে বলেন, ‘আমরা যেন চাবি গ্রহণ করতে না পারি, সে উদ্দেশ্যেই মামলাটি করা হয়েছে।’