দক্ষিণ এশিয়ায় প্রতি পাঁচজন নারীর তিনজনই প্রসবের সময় দক্ষ ধাত্রী বা দক্ষ প্রসব সহায়তাকারীর সহায়তা পান না। শুধু এ কারণে বিশ্বের মোট প্রসূতি মৃত্যুর ৪৪ শতাংশ ঘটনা ঘটছে এই অঞ্চলে। গতকাল বুধবার ঢাকায় অনুষ্ঠিত ধাত্রীবিদ্যাবিষয়ক উপ-আঞ্চলিক কর্মশালার সমাপনী পর্বে বক্তারা এ কথা বলেন। তাঁরা বলেন, সন্তান জন্ম দিতে গিয়ে বিশ্বে প্রতিবছর মারা যাচ্ছেন পাঁচ লাখ প্রসূতি। আর এই মৃত্যুর ৯০ শতাংশই ঘটছে আফ্রিকা ও এশিয়ায়। অথচ এই মৃত্যুর অধিকাংশই প্রতিরোধযোগ্য।নগরের ব্র্যাক সেন্টারে ‘সিচুয়েশন অ্যানালাইসিস অ্যান্ড স্ট্র্যাটেজি প্ল্যানিং ফর মিডওয়াইফারি সার্ভিসেস ইন সাউথ এশিয়া’ শীর্ষক কর্মশালার আয়োজন করে ব্র্যাক, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইভস (আইসিএম)। দক্ষিণ এশিয়াভুক্ত দেশগুলোর চাহিদা ও সীমাবদ্ধতার কথা বিবেচনা করে ধাত্রীবিদ্যা কর্মসূচির কার্যকরী ও শক্তিশালী রূপরেখা প্রণয়নের জন্য গত শনিবার থেকে ঢাকায় এ উপ-আঞ্চলিক কর্মশালা শুরু হয় ।পাঁচ দিনব্যাপী এ কর্মশালার সমাপনী পর্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আইসিএমের আন্তর্জাতিক মান অনুযায়ী ধাত্রীবিদ্যার জন্য তিন বছরের ডিগ্রি কোর্স চালু করা, ধাত্রীবিদ্যাকে স্বাস্থ্য ব্যবস্থাপনায় স্বীকৃতি দেওয়া এবং প্রতিটি দেশের জন্য এ বিষয়ে নীতিমালা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।বক্তারা বলেন, ধাত্রীরা প্রসবপূর্ব সেবা, স্বাভাবিক প্রসব ও পরিবার পরিকল্পনায় সহায়তাদানসহ বিভিন্ন সেবা দেন। কিন্তু বিশ্বে আজও ধাত্রীরা স্বীকৃতি পাননি। কর্মশালার সমাপনী পর্বে আইসিএমের সভাপতি ব্রিজেট লিন্স, ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির সহযোগী পরিচালক কাওসার আফসানা, ইউএনএফপিএ নিউইয়র্কের ধাত্রীবিদ্যা কর্মসূচির সমন্বয়কারী গীতা লাল, বাংলাদেশ নার্সিং কাউন্সিলের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সুরাইয়া বেগম প্রমুখ বক্তব্য দেন।কর্মশালায় আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, ভারত এবং বাংলাদেশের ৫০ জন ধাত্রী ও বিশেষজ্ঞ অংশ নেন। এতে ধাত্রীবিদ্যা শিক্ষা, ধাত্রীবিষয়ক আইন এবং পেশাজীবী সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। কর্মশালা শেষে এতে অংশ নেওয়া বাংলাদেশের প্রতিনিধিরা প্রথম আলোকে জানান, বর্তমানে দেশে তিন বছর নার্সিং এবং এক বছর মিডওয়াইফারি বিষয়ে পড়াশোনা করতে হচ্ছে শিক্ষার্থীদের। পরবর্তী সময়ে এই শিক্ষার্থীরা নার্স হিসেবে পরিচিতি পেলেও তাঁদের ধাত্রী পরিচয়টুকু আর থাকে না। তবে এক বছর মিডওয়াইফারি শিক্ষা সমাপ্তকারী শিক্ষার্থীদের ছয় মাসের একটি মিডওয়াইফারি কোর্স চালুর চিন্তাভাবনা করছে সরকার। বর্তমানে দেশে ডিপ্লোমাধারী ধাত্রীর সংখ্যা ২৩ হাজার ৭৩৯ জন এবং জুনিয়র ধাত্রীর সংখ্যা ৭৯৬ জন।