প্রসূতির মৃত্যু রোধে ধাত্রীবিদ্যার উন্নয়ন জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রসূতি মৃত্যু রোধ ও নারীদের কষ্ট কমানোর জন্য ধাত্রীবিদ্যার উন্নয়ন জরুরি। দক্ষিণ এশীয় দেশগুলোর চাহিদা ও সীমাবদ্ধতার কথা বিবেচনা করে ধাত্রীবিদ্যা কর্মসূচির কার্যকরী ও শক্তিশালী রূপরেখা প্রণয়নের জন্য গতকাল শনিবার ঢাকায় শুরু হয়েছে উপ-আঞ্চলিক কর্মশালা। কর্মশালায় বক্তারা বিষয়টি উল্লেখ করেন।নগরের ব্র্যাক সেন্টারে ‘সিচুয়েশন অ্যানালাইসিস অ্যান্ড স্ট্র্যাটেজি প্ল্যানিং ফর মিডওয়াইফারি সার্ভিসেস ইন সাউথ এশিয়া’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইভস (আইসিএম)।পাঁচ দিনব্যাপী এ কর্মশালা শেষে দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য একটি ‘মিডওয়াইফারি সার্ভিসেস ফ্রেমওয়ার্ক মডেল’ তৈরি করা হবে। দুই থেকে তিন বছরের কর্মপরিকল্পনাও তৈরি হবে এ থেকে।কর্মশালার উদ্বোধনী পর্বে বক্তব্য দেন স্বাস্থ্যসচিব শেখ আলতাফ আলী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবদুল কাইউম, আইসিএমের সভাপতি ব্রিজেট লিন্স, ইউএনএফপির বাংলাদেশ প্রতিনিধি আর্থার আরকেন ও ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির সহযোগী পরিচালক কাওসার আফসানা।কর্মশালায় আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। ইউএনএফপিএ ও আইসিএম যৌথভাবে ২০০৮ সাল থেকে দক্ষ ও কার্যকরী ধাত্রীবিদ্যার জনশক্তি তৈরির মাধ্যমে স্বল্পোন্নত ও সীমিত সম্পদের দেশগুলোতে এ সম্পর্কিত কার্যক্রম শুরু করে। প্রথমে এ কার্যক্রম আফ্রিকা অঞ্চলে শুরু হয়। বর্তমানে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তা সম্প্রসারণ করার কাজ চলছে। এ লক্ষ্যেই ঢাকার কর্মশালাটি শুরু হয়েছে। এর আগে গত বছর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কর্মশালা অনুষ্ঠিত হয় ভারতের হায়দরাবাদে।