সারা বিশ্বের মোট মাতৃমৃত্যুর মধ্যে ২৫ শতাংশ মৃত্যুর জন্য দায়ী প্রসব-পরবর্তী রক্তক্ষরণ। গর্ভাবস্থায় উচ্চরক্তচাপসহ খিঁচুনি বা একলাম্পসিয়ার জন্য প্রতিবছর বিশ্বের ১০ শতাংশ মা মারা যাচ্ছেন। অন্যদিকে প্রতিবছর ১০ লাখ শিশু মারা যায় জন্মের পরপরই নিঃশ্বাস নিতে না পেরে বা বার্থ এসফেকসিয়ায়।এ ধরনের বাস্তবতায় আজ বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘ইন্টারভেনশনস ফর ইমপ্যাক্ট ইন এসেনশিয়াল অবস্ট্রেটিক অ্যান্ড নিউবর্ন কেয়ার’ শীর্ষক এশীয় আঞ্চলিক সভা। ‘মেইক এভরি মাদার অ্যান্ড বেবি কাউন্ট’ প্রতিপাদ্য সামনে রেখে রূপসী বাংলা হোটেলে তিন দিনব্যাপী এই সভায় জরুরি প্রসূতিসেবা ও নবজাতকের যত্ন বিষয়ে বিভিন্ন দেশের প্রায় ৪০০ বিশেষজ্ঞ অংশ নেবেন।গতকাল বুধবার রূপসী বাংলা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা ইউএসএআইডির মাতৃস্বাস্থ্য, নবজাতক ও শিশুস্বাস্থ্য-বিষয়ক সমন্বিত কার্যক্রম (এমসিএইচআইপি) এবং দ্য বিল অ্যান্ড মেলিন্দা গেট্স ফাউন্ডেশনের উদ্যোগে এই আঞ্চলিক সভা অনুষ্ঠিত হচ্ছে।সংবাদ সম্মেলনে এমসিএইচআইপির উপপরিচালক আনিতা গিবসন বলেন, সভায় এশিয়া ও মধ্যপ্রাচ্যের প্রায় ৩০টি দেশ অংশ নিচ্ছে। এতে প্রতিটি দেশের প্রতিনিধি নিজ দেশের নবজাতকের যত্ন, খিঁচুনি, প্রসব-পরবর্তী রক্তক্ষরণ প্রতিরোধ, ব্যবস্থাপনা কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা ও অগ্রগতি পর্যালোচনা করবেন। আলোচনা থেকে পুষ্টিসহ অন্যান্য বিষয়ও বাদ যাবে না।স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হুমায়ূন কবীর বলেন, বাংলাদেশে মাতৃমৃত্যু রোধে অনেক অগ্রগতি হয়েছে। ২০০১ সাল থেকে ২০১০ সালের মধ্যে দেশে মাতৃমৃত্যু কমেছে ৪০ শতাংশ। কিন্তু এখনো মাতৃমৃত্যুর ৫০ শতাংশই ঘটছে খিঁচুনি ও প্রসব-পরবর্তী রক্তক্ষরণের কারণে।প্রসব-পরবর্তী রক্তক্ষরণ প্রতিরোধে সরকার মিজোপ্রস্টল ট্যাবলেট এবং খিঁচুনি বা একলাম্পশিয়ায় মৃত্যু প্রতিরোধে ম্যাগনেসিয়াম সালফেট কমিউনিটি পর্যায়ে বিতরণ শুরু করেছে।ইউএসএআইডি বাংলাদেশের মিশন ডিরেক্টর রিচার্ড গ্রিন বলেন, মাতৃ ও শিশুমৃত্যু প্রতিরোধে এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অগ্রগতি সন্তোষজনক। তবে দেশটিতে মাতৃমৃত্যুর দ্বিতীয় অন্যতম কারণ হচ্ছে খিঁচুনি।