প্রস্তাবিত বাজেট পানি ও স্যানিটেশন খাতে লক্ষ্য অর্জনে সংগতিপূর্ণ নয়
২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পানি ও স্যানিটেশন খাতে লক্ষ্য অর্জনে সংগতিপূর্ণ নয়। গত বছরের তুলনায় এবার বরাদ্দ উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় এই খাতে লক্ষ্য অর্জন সম্ভব না-ও হতে পারে। গত মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ওয়াটারএইড বাংলাদেশ আয়োজিত বাজেট-উত্তর এক সংবাদ সম্মেলনে এই উদ্বেগ ব্যক্ত করা হয়। এতে বলা হয়, বাজেটে পানি ও স্যানিটেশন খাতের বরাদ্দ সরকারের নির্বাচনী এবং সাম্প্রতিক প্রতিশ্রুতির সঙ্গে সংগতিপূর্ণ নয়। সংবাদ সম্মেলনে ওয়াটারএইড বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের বিগত ছয় অর্থবছরের বাজেট বিশ্লেষণে এই খাতে বরাদ্দের অপ্রতুলতা, ভৌগোলিক অসমতা ও বণ্টনের অন্যায্যতা তুলে ধরা হয়। এই পর্যালোচনার প্রধান গবেষক অর্থনীতিবিদ আবুল বারকাত বলেন, এ বছর পানি ও স্যানিটেশন খাতে বরাদ্দ দুই হাজার ৬২৫ কোটি টাকা, যা গত বছরের তুলনায় শতকরা ২৯ ভাগ কম। ওয়াটারএইড বাংলাদেশের দেশীয় প্রতিনিধি মো. খায়রুল ইসলাম কিছু সুপারিশ তুলে ধরে বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অনুযায়ী ২০১৫ সালের মধ্যে সবার জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে বাজেটে পানি ও স্যানিটেশন খাতে বরাদ্দ আরও বৃদ্ধিসহ নগর এবং গ্রামীণ এলাকার মধ্যে বরাদ্দের বৈষম্য কমানো, দুর্গম ও প্রান্তিক এলাকাকে অগ্রাধিকার দিয়ে বিশেষ প্রকল্প নেওয়া, আর্সেনিক সমস্যা সমাধানে জাতীয় পর্যায়ে সমন্বিত প্রকল্প বাস্তবায়ন করা জরুরি। বিজ্ঞপ্তি।