মেয়ে শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার ২৭ শতাংশ। কিন্তু প্রস্তাবিত বাজেটে ঝরে পড়া রোধে কোনো উদ্যোগের কথা বলা হয়নি। জেন্ডার-সমতা অর্জনেও কাঙ্ক্ষিত বরাদ্দ দেওয়া হয়নি। গতকাল বৃহস্পতিবার জাতীয় বাজেট ২০১০-১১-এর ওপর বাংলাদেশ নারী প্রগতি সংঘের সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন নারীনেত্রী ও পেশাজীবীরা।জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে আলোচকেরা বলেন, উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে প্রস্তাবিত বাজেটে মোট ব্যয়ের ২৫ দশমিক ৯ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। এই হার জিডিপির ৪ দশমিক ৫ শতাংশের নিচে। কিন্তু নারীসমাজের দাবি ছিল, এই হার কমপক্ষে সাত শতাংশে উন্নীত করা।সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক ও নারীনেত্রী রোকেয়া কবীর। উপস্থিত ছিলেন নারীনেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মালেকা বেগম, অর্থনীতিবিদ প্রতিমা পাল মজুমদার, জাতিসংঘ মিলেনিয়াম ক্যাম্পেইনের মনীষা বিশ্বাস ও জেন্ডার বিশেষজ্ঞ রোকেয়া খাতুন। লিখিত বক্তব্য পাঠ করেন নারী প্রগতি সংঘের উপপরিচালক শাহনাজ সুমি।