প্রস্তাবিত বাজেটে প্রতিবন্ধী ভাতা ২ হাজার টাকা করার দাবি
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে দুই হাজার টাকা করার দাবি জানানো হয়েছে।
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। কর্মসূচির আয়োজক বাংলাদেশ জাতীয় বধির সংস্থা। কর্মসূচিতে অংশ নেন প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সংগঠনের সদস্য ও নেতা-কর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবছর বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাতা বাড়ানোর কথা বলেছিল সরকার। কিন্তু বাজেটে যে পরিমাণ ভাতা বৃদ্ধি করা হচ্ছে, তা প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি উপহাসের শামিল।
মানববন্ধনে অংশ নেওয়া প্রতিবন্ধী ব্যক্তিরা ভাতা বৃদ্ধির ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তাঁর প্রতি অনুরোধ জানান।
মানববন্ধনে বাংলাদেশ জাতীয় বধির সংস্থা সভাপতি শাহাদাত আলম বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল, ২০২৫ সালের মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ২ হাজার ৫০০ টাকায় উন্নীত করা হবে। সে অনুযায়ী, ২০২২ সালে প্রতিবন্ধীদের ভাতা হওয়ার কথা ২ হাজার ২০০ টাকা। কিন্তু প্রস্তাবিত বাজেটে ভাতা মাত্র ১০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এতে ভাতা দাঁড়াবে ৮৫০ টাকা। আমরা চাই, এই বিষয়টি পরিবর্তন করে বাজেট পাস করা হোক।’