প্রহারে আহত যুবলীগের নেতার মৃত্যু
রাজধানীর পূর্ব শ্যাওড়াপাড়ায় প্রহারে আহত যুবলীগের নেতা গিয়াসউদ্দীন (২৫) চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা গেছেন। তিনি যুবলীগের ১৪ নম্বর ওয়ার্ডের পূর্ব শ্যাওড়াপাড়া শাখার সভাপতি ছিলেন।গিয়াসউদ্দীন পূর্ব শ্যাওড়াপাড়ার নোয়াখালী হোটেল ও রেস্তোরাঁর মালিক। গত শুক্রবার রাতে এই রেস্তোরাঁয় বসে থাকা অবস্থায় স্থানীয় আওয়ামী লীগের কর্মী মাহাবুব ১৫-২০ জন সঙ্গীসহ তাঁকে মারধর করেন। এতে গুরুতর আহত গিয়াসকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে হাতিরপুলের ব্রাইটন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল দুপুরে তাঁর মৃত্যু হয়।কাফরুল থানা পুলিশ জানায়, মাহাবুবকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কাফরুল থানায় একটি মামলা দায়ের করেছিলেন নিহত গিয়াসউদ্দীনের পিতা। এটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। গত শনিবার রাতে মাহাবুবকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।মামলাটির তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক রেজাউর রহমান জানান, ওই এলাকায় একটি খালি প্লটে খেলাধুলাকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। গিয়াসউদ্দীন শুক্রবার সেখানে খেলতে গেলে শিশু-কিশোররা তাঁকে বাধা দেয়। এ সময় গিয়াস একটি ছেলেকে চড় মারেন। পরে সেই ছেলের বাবা মাহাবুব লোকজন নিয়ে এসে তাঁর ওপর হামলা চালান।