প্রাইভেট কার উল্টে গৃহকর্মী নিহত একই পরিবারের তিনজন আহত
রাজধানীর রমনা এলাকায় গতকাল রোববার ভোরে প্রাইভেট কার উল্টে আসমা বেগম (২৫) নামের এক গৃহকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের গৃহকর্তা ও গৃহকর্ত্রীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন। তাঁদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গাড়ির চালককে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আসমা বেগম বনানীর একটি বাসার গৃহকর্মী ছিলেন। গতকাল ভোর পাঁচটার দিকে ওই বাসার গৃহকর্তা মো. রতন ও তাঁর স্ত্রী-সন্তানের সঙ্গে আসমা প্রাইভেট কারে ফকিরাপুল থেকে বনানী যাচ্ছিলেন। রমনা এলাকার ইউসুফ বেকারির সামনে এলে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে লেগে উল্টে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়ে ভেতরে থাকা আসমা, মো. রতন, তাঁর স্ত্রী রওশন আরা ও তাঁদের দেড় বছরের সন্তান আহমেদ আল সামী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসমাকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গাড়িটি উদ্ধার এবং চালক শরীফুল ইসলামকে আটক করেছে। গৃহকর্তা মো. রতন মুঠোফোনে প্রথম আলোকে জানান, তাঁর গ্রামের বাড়ি সিলেটে। গতকাল ভোর পাঁচটার দিকে স্ত্রী-সন্তান ও গৃহকর্মী আসমাকে নিয়ে তিনি সিলেট থেকে বাসে এসে ফকিরাপুলে নামেন। তাঁদের বনানী নিয়ে যাওয়ার জন্য এক আত্মীয় প্রাইভেট কারটি ফকিরাপুলে পাঠিয়েছিলেন। রতন জানান, আসমা ছোটবেলা থেকেই তাঁর বাসায় কাজ করছিলেন। তাঁর বাড়ি সিলেটে। বাবার নাম মো. হানিফ। রমনা থানার উপপরিদর্শক (এসআই) সোবহান সগীর জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।