প্রাইভেটকারসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার
ছিনতাই করা একটি প্রাইভেট গাড়িতে করে অপর একটি ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় লিটন ও রুহুল নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার পুরান ঢাকার বাবুবাজার বেড়িবাঁধ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি সাদা রঙের করোলা প্রাইভেটকার ও দুটি ছোরা।পুলিশ সূত্রে জানা গেছে, সাদা পোশাকের একদল পুলিশ গতকাল ভোর সাড়ে চারটার দিকে বাবুবাজার বেড়িবাঁধসংলগ্ন এলাকায় যায়। ওই সময় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন লিটন ও রুহুল। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। পরে তাঁদের ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান প্রথম আলোকে জানান, জিজ্ঞাসাবাদে লিটন ও রুহুল জানিয়েছেন এক সপ্তাহ আগে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁরা সাদা রঙের করোলা গাড়িটি ছিনতাই করেন। ওই গাড়িতে করে বাবুবাজার বেড়িবাঁধ এলাকায় ছিনতাইয়ের প্রস্ততি নিচ্ছিলেন তাঁরা। ওসি আরও জানান, ছিনতাইকারীদের তথ্য যাচাই করতে গতকাল তাঁদের একটি দল উত্তরা, আজমপুর ও রামপুরা এলাকায় যায়। কিন্তু গাড়ির মালিককে পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।