প্রাচ্যনাটের নাট্যমেলা আগামীকাল শুরু
জাতীয় নাট্যশালার দুটি মিলনায়তনে কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে নাট্যদল প্রাচ্যনাটের নাট্যমেলা। প্রতিষ্ঠার ১৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার শেষ আয়োজন হিসেবে এই নাট্যমেলা অনুষ্ঠিত হবে। ছয় দিনের নাট্যমেলায় থাকছে ঢাকার নয়টি নাট্য দলের আলোচিত নাটক ও সাংস্কৃতিক পরিবেশনা। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় নাট্যশালার সেমিনার হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। নাট্যমেলায় প্রতিদিন বিভিন্ন দলের একজন নাট্যকর্মী এবং একজন বিদেশি বন্ধুকে সম্মানিত করা হবে। নাটক মঞ্চস্থ হবে জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তন ও পরীক্ষণ থিয়েটার হলে। আগামীকাল বিকেলে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে নাট্যমেলার উদ্বোধন করবেন নাট্যকর্মীদের মায়েরা। ২৬ মার্চ মেলা শেষ হবে ফায়ার ওয়ার্ক ও ফানুস ওড়ানোর মধ্য দিয়ে। নাট্যমেলায় ঢাকা থিয়েটারের দ্য টেম্পেস্ট, নাগরিক নাট্য সম্প্রদায়ের রক্ত করবী, আরণ্যক নাট্য দলের ইবলিস, প্রাচ্যনাটের এ ম্যান ফর অল সিজনস ও রাজা এবং অন্যান্য, থিয়েটার আর্ট ইউনিটের কোর্ট মার্শাল, নাট্য কেন্দ্রের দুই যে ছিল এক চাকর, প্রাঙ্গণেমোর-এর আওরঙ্গজেব, থিয়েটারের পায়ের আওয়াজ পাওয়া যায় এবং সুবচন নাট্য সংসদের মহাজনের নাও মঞ্চস্থ হবে।