প্রাণনাশের হুমকি ছেলের বিরুদ্ধে বাবার থানায় অভিযোগ
সম্পত্তির জন্য বাবাকে মারধরের অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। প্রতিকার চেয়ে বাবা আবদুর রশিদ (৬২) থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তবে ছেলে আমিনুল ইসলাম (৩৫) এ অভিযোগ অস্বীকার করেছেন।
জানা গেছে, মিরপুর ২ নম্বর সেকশনে আবদুর রশিদের একটি ছয়তলা বাড়ি আছে। তিনি এই বাড়ির চতুর্থ তলায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গে থাকেন। বাড়ির দ্বিতীয় তলায় তাঁর প্রথম স্ত্রীর ছোট ছেলে আমিনুল স্ত্রী ও এক মেয়ে নিয়ে থাকেন।
আবদুর রশিদের অভিযোগ, তাঁর ছেলে আমিনুল ছোট থেকেই উগ্র স্বভাবের। তুচ্ছ কারণে সবার সঙ্গে খারাপ আচরণ ও বাসায় আসবাব ভাঙচুর করেন। বিভিন্ন সময় বাড়ির একটি অংশ তাঁর নামে লিখে দেওয়ার জন্য চাপ ও হুমকি দেন। এর মধ্যে ২০১০ সালে আবদুর রশিদের প্রথম স্ত্রী মারা যান। এরপর তিনি দ্বিতীয় বিয়ে করতে চাইলে আমিনুলের অত্যাচার আরও বেড়ে যায়। তিনি বলেন, ‘একপর্যায়ে সে (আমিনুল) আমার গায়েও হাত তোলে।’
গতকাল রশিদ জানান, ২০১৪ সালে থানায় একটি জিডি ও পরে গত বছর আমিুনলের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছিল। কিন্তু আত্মীয়স্বজনদের অনুরোধে তিনি মামলাটি তুলে নেন। আমিনুল ইসলাম বলেন, সব অভিযোগ মিথ্যা। তিনি তাঁর বাবাকে মারধর করেননি।’