মনের তাগিদে বর্ষবরণের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষবরণের প্রস্তুতি
বর্ষবরণের প্রস্তুতি

আর মাত্র ছয় দিন পর পয়লা বৈশাখ। বাংলা নতুন সাল দুয়ারে। দিকে দিকে নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুতি চলছে। বর্ষবরণে এখন সাজসাজ রব ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশেষ করে বাঙালির প্রাণের উৎসব বৈশাখ বরণে প্রস্তুতিতে দম ফেলানোর ফুরসত নেই চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের। পয়লা বৈশাখের সকালে মঙ্গল শোভাযাত্রার অনুষ্ঠানে আয়োজনে প্রস্তুতি চলছে পুরোদমে। 

১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরাই প্রথম পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে। সেই থেকে মঙ্গল শোভাযাত্রা বাঙালির বর্ষবরণে এনেছে নতুন মাত্রা। গ্লানি আর পাওয়া না পাওয়ার হিসেবে চুকিয়ে বর্ষবরণের সকালে হাজার হাজার মানুষ অংশ নেন এই শোভাযাত্রায়।
চারুকলায় ঘুরে দেখা গেছে, সেখানকার ছাত্র-ছাত্রীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। কেউ লোকজ স্ট্রাকচার, পুতুল, মুখোশ, মাটির জিনিসে বিভিন্ন শিল্পকর্ম তৈরি করছে, কেউ নিজেদের তৈরি এসব জিনিস বিক্রি করছে, কোনো শিক্ষার্থীরা আবার বিদেশি পর্যটকদের তথ্য দিচ্ছেন, কেউ আবার বাইরে থেকে দেখতে আসা অতিথিদের সময় দিচ্ছেন। মনকে উদার ও মুক্ত করার আহ্বানে এবারের শোভাযাত্রার স্লোগান ‘অন্তর মম বিকশিত কর অন্তরতর হে. . ’।
এবারের মঙ্গল শোভাযাত্রার দায়িত্বে থাকা চারুকলার ১৭-তম ব্যাচের ছাত্র সাইফুল ইসলাম বলেন, এবারের বৈশাখী আয়োজনে কিছু ভিন্নতা আনা হয়েছে। আলাদা ভাবনা নিয়ে বেশ কিছু স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। যেমন মা ও শিশু, মহিষ, নৌকা, হাতি প্রভৃতির ফ্রেম। প্রস্তুতি নিয়ে তিনি আরও বলেন, বৈশাখে চারুকলায় তিন দিন ধরে অনুষ্ঠান হবে। আগের দিন চৈত্র সংক্রান্তি, বৈশাখের দিন মঙ্গল শোভাযাত্রা এবং পরের দিন যাত্রাপালা। মঙ্গল শোভাযাত্রা সকাল আটটার দিকে শুরু হবে বলে তিনি প্রথম আলোকে জানান।
মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে এবারই প্রথম কাজ করা চারুকলা প্রথম বর্ষের শিক্ষার্থী মীর সাজ্জাদুল হক প্রথম আলোকে বলেন, ছোট বেলায় টিভিতে মঙ্গল শোভাযাত্রা দেখতাম, খুব ভালো লাগত। এখন নিজেই এর প্রস্তুতিতে কাজ করতে পারছি। অসম্ভব ভালো লাগছে। অনেক মজা করে বন্ধুদের নিয়ে শোভাযাত্রায় অংশ নিব।
শোভাযাত্রার প্রস্তুতির জন্য থেমে নেই ক্লাস কিংবা পরীক্ষা। এসবের ফাঁকেই সময় বের করে প্রস্তুতির কাজ করছেন শিক্ষার্থীরা। পরীক্ষার ছবি আঁকায় ব্যস্ত শিক্ষার্থী রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এখন পরীক্ষা দিচ্ছি। একটু পরই শোভাযাত্রার কাজ করব। মনের তাগিদে আমরা সবাই এখানে কাজ করি। কাউকে কোনো পারিশ্রমিক দেওয়া হয় না।
মুখোশ ও ভুভুজেলা ব্যবহারের নিষেধাজ্ঞা নিয়ে আনিকা তাসনিম প্রথম আলোকে বলেন, আমি অনেক খুশি যে ভুভুজেলা নিষিদ্ধ করা হয়েছে। কানের কাছে বাঁশি বাজিয়ে ছেলেরা মেয়েদের টিজ করে থাকে। এখন সেই সুযোগটা থাকবে না। তা ছাড়া ভুভুজেলা আমাদের সংস্কৃতির অংশও নয়।
মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি কেমন চলছে, সেটা একনজর দেখতে এসেছেন অনেকে। চারুকলার বাইরেও রয়েছে উৎসবের আমেজ। ঘুরতে এসে লোকজ সংস্কৃতির জিনিস কিনে নিয়ে যাচ্ছেন দর্শনার্থীরা। জিনিসগুলো চারুকলা শিক্ষার্থীরাই তৈরি করছেন। বিক্রয় কেন্দ্রের দায়িত্বে থাকা এক শিক্ষার্থী প্রথম আলোকে জানান, শোভাযাত্রা প্রস্তুতির খরচ অনেক। নিজেদের তৈরি জিনিস বিক্রি করে শোভাযাত্রার খরচ জোগাড় করছেন। অন্য কোথাও থেকে অনুদান বা সাহায্য পাওয়া যায় কি না?
এ প্রশ্নের জবাবে চারুকলার শিক্ষার্থীরা জানান, সংস্কৃতি মন্ত্রণালয় যে অর্থ দিয়ে থাকে, তা প্রয়োজনের তুলনায় সামান্য। বিশ্ববিদ্যালয় বৈশাখ কমিটি মঙ্গল শোভাযাত্রার জন্য অর্থ দিয়ে থাকে। তাই তাঁরা নিজেদের তৈরি বিভিন্ন জিনিস বিক্রি করে প্রয়োজনীয় খরচ জোগানোর চেষ্টা করেন।