আট মাস পেরিয়ে গেলেও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি হয়নি। বিশ্ববিদ্যালয়ের শীর্ষ দুই নেতা বলেছেন, তাঁরা একটি খসড়া কমিটি করে জমা দিলেও কেন্দ্রীয় কমিটি সেটি অনুমোদন করছে না। এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তৈরি হচ্ছে সাংগঠনিক বিশৃঙ্খলা। ছাত্রলীগের ২৭তম সম্মেলনের মধ্য দিয়ে গত বছরের ১১ জুলাই বদিউজ্জামান সোহাগকে সভাপতি ও সিদ্দিকী নাজমুল আলমকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। একই দিনে মেহেদী হাসান মোল্লাকে সভাপতি ও ওমর শরীফকে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠিত হয়। এরপর ১৪ নভেম্বর ২১৯ সদস্যের ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় কমিটি পূর্ণাঙ্গ হয়নি। সারা দেশে ছাত্রলীগের ৮৭টি জেলা কমিটির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা। দীর্ঘদিনেও এই কমিটি না হওয়ায় বিশ্ববিদ্যালয় শাখার কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। একপর্যায়ে চাপের মুখে গত মাসে বিশ্ববিদ্যালয় কমিটির শীর্ষ দুই নেতা একটি খসড়া আংশিক কমিটি কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দেন। কিন্তু প্রার্থী নিয়ে সমঝোতায় পৌঁছাতে না পারায় সেই আংশিক কমিটিও অনুমোদন করছে না কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটির এক নেতা জানিয়েছেন, খসড়া কমিটি তৈরির আগেই কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের পছন্দের একটি তালিকা বিশ্ববিদ্যালয়ের দুই নেতাকে দেন। কিন্তু এঁদের অধিকাংশ সদস্যই খসড়া কমিটিতে পছন্দমতো পদে জায়গা পাননি। এ কারণে কেন্দ্রীয় কমিটি খসড়া কমিটি অনুমোদন দিচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে মেহেদী হাসান মোল্লা বলেন, ‘৭০ সদস্যের একটি খসড়া কমিটির তালিকা গত ১৬ ফেব্রুয়ারি অমরা কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিয়েছি। তবে সেটি এখনো অনুমোদন হয়নি।’ অনুমোদন পাচ্ছে না কেন জানতে চাইলে তিনি বলেন, কেন্দ্রীয় কমিটি বলেছে, তারা প্রার্থী পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে।বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ওমর শরীফ বলেন, যোগ্যদের নিয়েই খসড়া কমিটি করা হয়েছিল। তাহলে কেন অনুমোদন পাচ্ছে না জানতে চাইলে তিনি বলেন, ‘আমার এ বিষয়ে জানা নেই।’ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেন, ‘রাজনৈতিক কিছু কর্মসূচি থাকায় এ নিয়ে আলোচনায় বসা সম্ভব হয়নি। আর আমরাও তালিকা একটু যাচাই-বাছাই করছিলাম। কমিটির তালিকায় নিজস্ব প্রার্থীদের নাম দেওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘এমন কিছু হয়নি’। কবে নাগাদ কমিটি হবে জানতে চাইলে তিনি বরাবরের মতোই বলেন, ‘শিগগিরই কমিটি দেওয়া হবে’।