প্রায় ১০০ ব্যক্তির জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতি করে টাকা তোলার ঘটনায় ট্রাভেল এজেন্সি, হোটেল ব্যবসায়ী, কয়েকটি ব্যাংকের কার্ড বিভাগের কর্মকর্তা, প্রতারক ও রাজনীতিবিদসহ প্রায় ১০০ ব্যক্তি জড়িত বলে প্রাথমিক তথ্য পাওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিবি বলেছে, কার্ড জালিয়াতির ঘটনায় রিমান্ডে থাকা এক বিদেশি নাগরিক ও সিটি ব্যাংকের তিন কর্মকর্তাকে ছয় দিন জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য পাওয়া গেছে। গতকাল রোববার তাঁদের ছয় দিনের রিমান্ড শেষ হয়েছে। এ চারজন হলেন বিদেশি পিওটর সিজোফেন, সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের কর্মকর্তা মকসেদ আলম (মাকসুদ), রেজাউল করিম ও রেফাজ আহমেদ। ২২ ফেব্রুয়ারি তাঁদের গ্রেপ্তার করা হয় এবং পরদিন রিমান্ডে নেওয়া হয়।

মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. শাহজাহান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, রিমান্ডে ছয় দিনে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। এগুলোর সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, রিমান্ডে ওই চারজনের কাছ থেকে পাওয়া অনেক তথ্যের জবাব মেলেনি। তাই তাঁদের আজ সোমবার আবার রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হবে।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলেছে, জিজ্ঞাসাবাদে ওই চারজন ডিবিকে বলেছেন, এটিএম কার্ড ও ডেবিট কার্ড জালিয়াতির সঙ্গে কয়েকটি ব্যাংকের কার্ড বিভাগের কর্মকর্তা, ট্রাভেল এজেন্সি, আবাসিক হোটেল ব্যবসায়ী, প্রতারক এবং রাজনীতিবিদসহ অনেকে জড়িত। তাঁরা প্রায় ১০০ ব্যক্তির নাম বলেছেন। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করতে বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের কার্ড-সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাদের সহযোগিতা নেওয়া হচ্ছে। জালিয়াত চক্রে আছেন দুই লন্ডনপ্রবাসী, ইতালি, রোমানিয়া, বুলগেরিয়া ও ইউক্রেনের কয়েকজন নাগরিক। ঘটনার আগে লন্ডনপ্রবাসী দুই যুবক ঢাকায় এসেছিলেন। ঘটনা জানাজানির পর তাঁরা দেশ ছেড়েছেন। তাঁদের শনাক্ত করতে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সহায়তা নেওয়া হচ্ছে। এ ছাড়া তাঁদের আইনের আওতায় নিতে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে। এ ছাড়া এই জালিয়াতিতে জড়িত ব্যক্তিরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সে জন্য তাঁদের নজরদারি করা হচ্ছে।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, পিওটর পস মেশিন ব্যবহার করে চার-পাঁচ কোটি টাকা তুলে নিয়েছেন। এই যন্ত্রের সাহায্যে চক্রের সদস্যরা কয়েকটি বিদেশি ব্যাংক থেকে বিদেশিদের টাকা তুলেছেন। ২০১০ সালে লন্ডন থেকে প্রকাশিত দ্য টেলিগ্রাফ পত্রিকায় পিওটরের জালিয়াতি নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছিল। ওই দেশে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

কার্ড জালিয়াতিতে গুলশান থানার একজন কর্মকর্তার জড়িত থাকার গুঞ্জন উঠলেও ডিবির অতিরিক্ত উপকমিশনার শাহজাহান প্রথম আলোকে বলেন, এই গুঞ্জন ভিত্তিহীন। ওই কর্মকর্তার বদলির আদেশ অনেক আগেই হয়েছিল। সেই কারণে তিনি রংপুরে বদলি হয়ে গেছেন।

৬ থেকে ১২ ফেব্রুয়ারি বেসরকারি ব্যাংক ইস্টার্ন, সিটি, ইউসিবিএলের গুলশান, বনানী ও মিরপুরের কালশীর চারটি বুথে ‘স্কিমিং ডিভাইস’ নামের যন্ত্র বসিয়ে গ্রাহকদের কার্ডের ব্যক্তিগত তথ্য চুরি এবং পরে ক্লোন কার্ড তৈরি করে টাকা তুলে নেওয়া হয়। ১২ ফেব্রুয়ারি ইস্টার্ন ব্যাংকের একাধিক গ্রাহক মোবাইল ফোনের খুদে বার্তার মাধ্যমে তাঁদের হিসাব থেকে টাকা তুলে নেওয়ার বিষয়টি জানতে পেরে ব্যাংকে অভিযোগ করেন। সেই অভিযোগের সূত্র ধরে তদন্ত করতে গিয়ে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। কার্ড জালিয়াতির ঘটনায় ইউসিবিএল ১২ ফেব্রুয়ারি বনানী থানায় এবং সিটি ব্যাংক ১৫ ফেব্রুয়ারি পল্লবী থানায় মামলা করে। মামলা দুটি তদন্ত করছে ডিবি।