প্রায় ১৫ শতাংশ প্রতিবন্ধী চিকিৎসাসেবা-বঞ্চিত
দেশের মেডিকেল শিক্ষাব্যবস্থায় প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য কোনো পাঠ্যক্রম নেই। সরকারি বা বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকে সঠিক চিকিৎসাসেবা পান না প্রতিবন্ধী ব্যক্তিরা। হাসপাতালগুলোতে আছে নানা প্রতিবন্ধকতা। ফলে দেশের মোট জনগোষ্ঠীর প্রায় ১৫ ভাগ প্রতিবন্ধী মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
বেসরকারি সংগঠন অ্যাকশনএইডের ‘প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য অধিকার সুরক্ষা: রাষ্ট্রীয় নীতিমালা ও প্রতিষ্ঠানগত ব্যবস্থায় সীমাবদ্ধতা’ শীর্ষক গবেষণায় এ তথ্য দেওয়া হয়েছে। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে গবেষণার ফলাফল তুলে ধরেন গবেষক জুলিয়ান হেনরি ফ্রান্সিস। তিনি বলেন, বাংলাদেশে প্রতিবন্ধী মানুষকে অন্যান্য অসুস্থ মানুষের কাতারে ফেলে দেওয়া হয়। যার মূল কারণ সচেতনতার অভাব।
অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, ‘যাঁরা আইন-নীতি করছেন তাঁরা সচেতন নন। অনেক ক্ষেত্রে তাঁরা ভালোভাবে বিষয়টা বোঝেন না বা উপলব্ধি করেন না। প্রায় ১ কোটি ৬০ লাখ প্রতিবন্ধী মানুষের জন্য সরকারের উচিত আলাদা একটি বিভাগ করা।’
ডিজঅ্যাবিলিটি কাউন্সিল ইন্টারন্যাশনালের নির্বাহী সদস্য মনসুর আহমেদ চৌধুরী বলেন, ‘আইন হয়ে আছে ২০১৩ সালে। তবে সরকার এটি বিধি আকারে এখনো প্রকাশ করেনি। তাই প্রতিবন্ধীরা রাষ্ট্রের কাছে কিছু চাইতে পারছে না।’
অ্যাকশনএইড বাংলাদেশের দেশীয় পরিচালক ফারাহ্ কবির মেডিকেল শিক্ষাব্যবস্থায় প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার জন্য আলাদা একটি অধ্যায় যুক্ত করার সুপারিশ করেন। বিজ্ঞপ্তি।