সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে তথ্য
প্রায় ৫০ শতাংশ নারী এমআর সম্পর্কে সঠিক তথ্য জানেন না
অনিরাপদ মাসিক নিয়মিতকরণ (এমআর) মাতৃমৃত্যুর একটি কারণ। প্রায় ৫০ শতাংশ নারী এমআর সম্পর্কে সঠিক তথ্য জানেন না। তবে যে সংখ্যক নারী এমআর করান বলে জানা যায়, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি।বাংলাদেশে এমআর কর্মসূচি নিয়ে দুটি সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার এসব কথা বলা হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরে এ অনুষ্ঠান হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তর, এনজিও মেরি স্টোপস ও বাপসা (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব প্রিভেনশন অব সেপটিক এবোরসন) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।এমআর সম্পর্কে নারীর ধারণাবিষয়ক সমীক্ষা উপস্থাপনকালে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ গবেষণা তথ্য অনুসন্ধানকারী রাশেদা খান বলেন, এমআর করার ক্ষেত্রে বিলম্ব হওয়ার কারণ অনেকে এটি লুকিয়ে করাতে চান। অনেকে জানেন না কোথায় গেলে সেবা পাওয়া যাবে। সরকারি প্রতিষ্ঠানে জনসমাগম বেশি বলে অনেকে সেখানে যেতে চান না। অনেকের খরচ সম্পর্কে ধারণা নেই। তিনি বলেন, বিলম্বে ও অদক্ষ সেবাকর্মীর মাধ্যমে এমআর করালে অনেক পার্শ্বপ্রতিক্রিয়া হয়। পার্শ্বপ্রতিক্রিয়া ব্যবস্থাপনার জন্য আর্থিক ক্ষতি অনেক বেশি হয়।বাপসার পরিচালক আলতাফ হোসেন বলেন, ৫০ শতাংশ নারী জানেন না গর্ভধারণের কোন সময় পর্যন্ত এমআর করা নিরাপদ। তিনি বলেন, গ্রামে এমআরের খরচ বেশি। শহরে সেবাদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা বেশি।অনুষ্ঠানের সভাপতি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (এমসিএইচ সেবা) মোহাম্মদ শরিফ বলেন, ১৯৭৯ সাল থেকে এমআরকে পরিবার পরিকল্পনা সেবার অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে এই সেবা বিনা মূল্যে দেওয়া হয়।সুপারিশে গবেষকেরা বলেন, দক্ষ সেবাদানকারীর সংখ্যা বাড়াতে হবে এবং বিনা খরচে সরকারের এমআর কর্মসূচিকে বাস্তবায়ন করতে হবে।