প্রিন্স ও প্রিন্সেসকে আলাদা করার আদেশ বাতিল
দুর্লভ প্রজাতির ম্যাকাও দম্পতি প্রিন্স ও প্রিন্সেসের মালিকানা নিয়ে সমঝোতা হয়নি। গতকাল মঙ্গলবার আদালত শুনানি শেষে ফৌজদারি কার্যবিধির ১০০ ধারায় পাখি উদ্ধারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পূর্বের আদেশ রহিত করে দেন। কিন্তু পাখি দুটি আলাদা থাকবে না একত্রে থাকবে, তা নিয়ে দুই মালিকই নিজের পক্ষে যুক্তি দিচ্ছেন। এর আগে আদালত দুই পাখির মালিককে বসে মীমাংসা করার অনুরোধ জানান। আপস-মীমাংসার জন্য দায়িত্বপ্রাপ্ত মহানগর সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু প্রথম আলোকে বলেন, দুই পক্ষকেই তিনি নিজ কার্যালয়ে ডেকেছিলেন। কিন্তু প্রিন্সের মালিকপক্ষ রাজি না থাকার কারণে সমঝোতা সম্ভব হয়নি। এদিকে প্রিন্সের মালিক ইকরাম সেলিমের আইনজীবী আবদুল্লাহ আল মনসুর বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে পুলিশ প্রিন্সকে উদ্ধার করে প্রকৃত মালিককে দিয়েছে। তাই আপস করার কিছু নেই। গতকাল শুনানি শেষে আদালত ৩ জানুয়ারির আদেশ বাতিল করে দেন। তবে পাখি দুটি কার কাছে থাকবে, এ বিষয়ে আদালত কোনো মন্তব্য করেননি। ফলে ওদের সংসার রক্ষার বিষয়টি এখনো নিশ্চিত নয়।