রাজধানীর একটি বড় বিপণিকেন্দ্রে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে একটি খাবার হোটেলের ব্যবস্থাপককে কারাদণ্ড দেওয়া হয়েছে।গতকাল সোমবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করে।দুপুর ১২টার দিকে আদালত মোহাম্মদপুরের প্রিন্স বাজারে অভিযান চালান। এ সময় এখানে সংরক্ষিত বিভিন্ন ধরনের মাছ, আপেল, টমেটো ও আঙুর পরীক্ষা করা হয়। তবে শুধু আঙুরের মধ্যে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়। ফরমালিনযুক্ত আঙুর সংরক্ষণ ও বিক্রির অপরাধে আদালত প্রিন্স বাজার কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করেন। বিএসটিআইয়ের সদস্যরা এ সময় প্রায় ২০ কেজি আঙুর ধ্বংস করেন।পরে নিউ ইস্কাটনের মাসুম হোটেলে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ হোটেলে গিয়ে দেখা যায়, রান্নাঘরের পরিবেশ অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও বিক্রির দায়ে আদালত এ হোটেলের ব্যবস্থাপক মো. মাসুমকে ১৫ দিনের কারাদণ্ড দেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক কে এম হানিফ। পরিবেশ অধিদপ্তর ও র্যাব-২-এর সদস্যরা আদালতের কার্যক্রমে সহযোগিতা করেন।