প্রীতিলতার আদর্শ সামনে রেখে এগিয়ে চলার আহ্বান
প্রীতিলতা শুধু একটি নাম নয়, একটি শক্তি; যিনি সবকিছুর ওপর দেশের স্বাধীনতাকে স্থান দিয়েছিলেন। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে হলে তাঁর আদর্শকে সামনে রেখে এগিয়ে চলতে হবে।প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গতকাল মঙ্গলবার বক্তারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে প্রীতিলতা জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদ এ সভার আয়োজন করে।সভায় মূল প্রবন্ধে বিশ্বজিৎ ঘোষ কলকাতার লালবাজার আর্কাইভ থেকে সংগৃহীত মৃত্যুর দিন প্রীতিলতার পকেটে থাকা ‘বিপ্লব দীর্ঘজীবী হউক’ শীর্ষক বিবৃতিটি পাঠ করেন। তাঁর আদর্শ সামনে রেখে এগিয়ে চলার আহ্বান জানান তিনি।মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, প্রীতিলতা, ক্ষুদিরাম ও সূর্যসেনের মুক্তিসংগ্রামের ধারাবাহিকতাই আজকের বাংলাদেশ। কিন্তু পরিপূর্ণ স্বাধীনতা আজও অর্জিত হয়নি।কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, প্রীতিলতাকে শুধু বিপ্লবী কন্যা বললে ভুল হবে। তিনি এমনই একজন নারী, যিনি আদর্শ ও শক্তির সমন্বয় করে ইতিহাসে জায়গা করে নিয়েছেন।সেলিনা হোসেন বলেন, বাংলাদেশের ইতিহাসে নারীর অবদানকে কোথাও বাদ দেওয়া হয়েছে, আবার কোথাও অস্বীকার করা হয়েছে। তাঁদের অবদানের স্বীকৃতি দিয়ে সঠিক ইতিহাস লিপিবদ্ধ করার আহ্বান জানান তিনি।সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রানা দাশগুপ্ত। সভা সঞ্চালনা করেন যুব ইউনিয়নের সভাপতি কাফি রতন।প্রসঙ্গত, ১৯১১ সালের ৫ মে প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর তিনি চট্টগ্রাম শহরের ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ চালান। একপর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন।