নিজস্ব প্রতিবেদক:aরাস্তা বন্ধ করে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সভা-সমাবেশ বা মানববন্ধন করতে দেয়নি পুলিশ। গতকাল বুধবার বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হলে পুলিশ তাঁদের বাধা দেয়। এমনকি দুটি সাংবাদিক ইউনিয়নের পূর্বঘোষিত কর্মসূচি থাকলেও এসব সংগঠনকে সমাবেশ করতে দেওয়া হয়নি।গতকাল বেলা ১১টার দিকে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নামের একটি সংগঠনের ব্যানারে গার্মেন্টস শ্রমিকেরা প্রেসক্লাবের সামনে জড়ো হন। পুলিশ তাঁদের সরে যেতে বলে।সাড়ে ১১টার দিকে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন হল-মার্ক গ্রুপের প্রতিষ্ঠানগুলো চালু করে হাজার হাজার শ্রমিক-কর্মচারীকে রক্ষার দাবিতে প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে। এতেও পুলিশ বাধা দেয়।ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতান অভিযোগ করেন, ‘পুলিশ সমাবেশ করতে দেয়নি।’প্রায় কাছাকাছি সময়ে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ সাংবাদিকদের সমাবেশ করতে দেয়নি। এরপর তাঁরা প্রেসক্লাবের মূল ফটকের ভেতরে গিয়ে সমাবেশ করেন।বিএফইউজের মহাসচিব শওকত মাহমুদ বলেন, ‘১৪৪ ধারা জারি করা না হলেও আমাদের সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি।’এ বিষয়ে পুলিশের শাহবাগ থানার পরিদর্শক (পিআই) শহীদ চৌধুরী বলেন, সভা-সমাবেশ করতে গেলে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের অনুমতির প্রয়োজন হয়। অনুমতি না থাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সভা-সমাবেশ বা মাইক ব্যবহার করতে দেওয়া হয়নি।