প্রেসক্লাবের সামনে মানববন্ধন-জট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের সামনে একই সময়ে কমপক্ষে ছয়টি সংগঠনের নেতারা মাইকে গলা ফাটিয়ে বক্তৃতা দিচ্ছেন, হইচই করছে কয়েক শ লোক, থেমে আছে যান চলাচল, হিমশিম খাচ্ছে পুলিশ। কেউ কারও কথা শুনছে না, শুধু চিৎকার করে যাচ্ছে।এ সময় আরও কয়েকটি সংগঠন প্রেসক্লাবের ভেতরে অবস্থান নিয়েছে। কোনোরকমে একটু জায়গা পেলে তারাও নেমে পড়বে।গতকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ছিল জাতীয় প্রেসক্লাবের সামনের অবস্থা। সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের মূল ফটকের একদিকে ব্যানার হাতে অবস্থান নেয় বিএনপি-সমর্থিত সংগঠন জনতার ধ্বনি। বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাসহ ১৮ দলীয় জোটের নেতাদের নিঃশর্ত মুক্তি, সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, ইলিয়াস আলীর মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনসহ বিভিন্ন দাবিতে সংগঠনটি মানববন্ধন করে। ফটকের অন্যদিকে মাত্র কয়েক গজের ব্যবধানে ব্যানার হাতে দাঁড়ায় বাংলাদেশ অটোরিকশা শ্রমিক লীগ। তাদের দাবি, যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা, বাসে আগুন দিয়ে শ্রমিক হত্যা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগে বিএনপি-জামায়াত জোটের নেতাদের শাস্তি দেওয়া। দুই দলই উচ্চ স্বরে মাইকে বক্তৃতা করছে।জনতার ধ্বনির মানববন্ধনের ঠিক পেছনেই বেলা সোয়া ১১টার দিকে অপেক্ষা করতে দেখা যায় বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ছাত্রফোরামের মানববন্ধনে যোগ দিতে তিনি প্রেসক্লাবে আসেন। জনতার ধ্বনি জায়গা ছাড়া মাত্রই সেখানে দাঁড়িয়ে পড়েন সংগঠনটির নেতা-কর্মীরা।সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তাদের মানববন্ধন শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় ৪৫ মিনিট পর। পরিষদের একজন সদস্য কণ্ঠশিল্পী ইফফাত আরা নার্গিস দেরির কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রথম আলোকে বলেন, ‘মঞ্চ দখলের অভ্যেস নেই, তাই দেরি হলো।’ মানববন্ধনে সংগঠনের নেতারা বক্তৃতা শুরু করতেই পাশে এসে দাঁড়ায় উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। খুলনা জেলার দাকোপ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়ন্তী রানী সরদারের ওপর আক্রমণ ও নির্যাতনকারী খুলনা-১ আসনের সাংসদ ননী গোপাল মণ্ডলের বিচার ও শাস্তির দাবিতে তারা মানববন্ধন করে। একই জায়গায় ওই সময়ে মানববন্ধন করে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)। ২০১২-১৩ বাজেটে নির্মাণ শ্রমিকদের জন্য বাসস্থান, শ্রম ছাউনি, কল্যাণ তহবিল গঠন, রেশনিং ব্যবস্থায় অর্থ বরাদ্দের দাবিতে তারা ওই অনুষ্ঠানের আয়োজন করে। কোতোয়ালি ও সূত্রাপুর থানার বিভিন্ন জায়গা থেকে হকার উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হলেও জায়গা না পেয়ে উচ্ছেদকৃত হকাররা প্রেসক্লাবের উল্টোদিকে দাঁড়ায়। মানববন্ধন চলাকালে ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন বেকার শ্রমিকদের কর্মসংস্থানের দাবিতে প্রেসক্লাবের সামনে মিছিল করে।