বাংলাদেশের ওয়ার্কার্স পাটির নেতারা বলেছেন, দেশে অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার হবে। এ বিচার নিশ্চিত করতে প্রয়োজনে তাঁরা হরতালের ডাক দেবেন। গতকাল শনিবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে যুদ্ধাপরাধীদের বিচার, গ্যাস, পানি, বিদ্যুৎসহ জনজীবনের সংকট সমাধানের দাবিতে আয়োজিত সমাবেশে বক্তারা এ কথা বলেন। সমাবেশে দলের পলিটব্যুরো সদস্য ও রাজশাহীর সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, এ সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য বিএনপি হরতাল দেয়নি। যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করতেই হরতাল দেওয়া হয়েছে। তবে যুদ্ধাপরাধীদের বিচার যেন তারা নস্যাৎ করতে না পারে, সে জন্য প্রয়োজনে ওয়ার্কার্স পার্টিই হরতাল দেবে। দলের সভাপতি রাশেদ খান মেনন বলেন, ক্ষমতায় থাকার সময় খালেদা জিয়া হরতালকে অগ্রহণযোগ্য ও মরচে পড়া অস্ত্র বলেছিলেন। নির্বাচনের আগে বলেছিলেন আর কখনো হরতাল দেবেন না। কিন্তু হরতাল দেওয়ার মধ্য দিয়ে তিনি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।দলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর সরকার ১৪ দলের সঙ্গে কোনো আলোচনা করছে না। উপজেলা পর্যায়ের কাজেও কোনো সদস্য রাখা হচ্ছে না। সমাবেশে দলের সাবেক সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, পলিটব্যুরো সদস্য কামরুল আহসান, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসাইন প্রমুখ বক্তব্য দেন।