প্লট প্রকল্পে ক্রেতাদের সাড়া কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত চার দিনব্যাপী আবাসন মেলার গতকাল ছিল শেষ দিন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ মেলায় অ্যাপার্টমেন্ট প্রকল্পগুলোর ফ্ল্যাট নিয়ে ক্রেতাদের আগ্রহ বেশি থাকায় মোটামুটি ব্যবসা হলেও প্লট প্রকল্পে আগের তুলনায় ক্রেতাদের সাড়া অনেক কম ছিল। রিহ্যাব সূত্রে এ কথা জানা গেছে। রিহ্যাবের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা এ ব্যাপারে বলেন, আইনগত বাধা ও রাজউকের অসহযোগিতার কারণে প্রায় ছয় মাস ধরে আবাসন প্রকল্পে প্লট ব্যবসা এমনিতেই কম ছিল। এবারের মেলায় তা আরও বেশি পরিলক্ষিত হয়। মেলায় অংশ নেওয়া একটি আবাসন কোম্পানির মালিক বলেন, স্টলের জন্য রিহ্যাবকে দেড় লাখ টাকা দেওয়া ছাড়াও মেলা উপলক্ষে তাঁদের প্রায় ১৮ লাখ টাকা খরচ হয়েছে। সেই টাকাও উঠবে না। রাজউকের তাগিদে অনেক কোম্পানি স্টল থেকে প্লট প্রকল্প গুটিয়ে নিলেও কয়েকটি কোম্পানি ঢাকার বাইরে অবস্থিত তাদের আবাসন প্রকল্পের প্রচারপত্রসহ অন্য কাগজপত্র নিয়ে মেলাস্থলে গতকালও বহাল ছিল। এসব কোম্পানির আবাসন প্রকল্পের অনুমোদন রয়েছে বলে রাজউকের কাছে আগের মতোই দাবি করা হয়। এ নিয়ে একাধিক কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে রাজউকের কর্মকর্তাদের বাগিবতণ্ডাও হয়। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন আবাসন প্রকল্পের অনুমোদনপত্র নিয়ে ১৪ জুন মেলা শুরুর প্রথম দিন থেকেই রাজউকের কর্মকর্তারা আপত্তি জানিয়ে আসছিলেন।