প্লটের জাল নিবন্ধন করতে গিয়ে চার ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও রেজিস্ট্রি কপ্লেক্সে উত্তরার একটি প্লট নিজেদের নামে রেজিস্ট্রি করতে এসে কর্মকর্তাদের হাতে ধরা পড়েছেন চার ব্যক্তি। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে।পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে কেরানীগঞ্জের স্বপন সরকার, সাভারের স্বপন মজুমদার, গোপাল চন্দ্র সরকার ও রতন কুমার সরকার তেজগাঁও রেজিস্ট্রি কমপ্লেক্সে যান। তাঁরা জাল পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে জমি বিক্রি করার পাঁয়তারা করেন। বিষয়টি সন্দেহ হওয়ায় রেজিস্ট্রি অফিসের কর্মকর্তারা তাঁদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা তাঁদের অপরাধের কথা স্বীকার করেন।উত্তরা এলাকার সাব-রেজিস্ট্রার দীপক কুমার সরকার প্রথম আলোকে জানান, উত্তরা ১১ নম্বর সড়কের ১৩ নম্বরের তিন কাঠার প্লটটির প্রকৃত মালিক হরি সরকার ও জয়হরি সরকার। স্বপন সরকার নিজের নাম গোপন করে হরি সরকার ও স্বপন মজুমদার নিজেকে জয়হরি বলে পরিচয় দিয়ে প্লটের পাওয়ার অব অ্যাটর্নি রতন কুমার সরকারকে দেওয়ার জন্য আসেন। সেখানে শনাক্তকারী হিসেবে উপস্থিত ছিলেন গোপাল চন্দ্র সরকার। আটক চার ব্যক্তির মধ্যে তিনজন নিজেদের নাম গোপন করে মিথ্যা নাম-ঠিকানা উল্লেখ করে জমি বিক্রি করতে এসেছিলেন।সূত্র জানায়, গত দুই বছরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এ রকম ছয়টি মামলায় হয়েছে। এতে আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে ১৯ জনকে।