প্লাস্টিক-পলিথিন ঠেকাতে নতুন করে আন্দোলনের আহ্বান
প্লাস্টিক-পলিথিন আবার পরিবেশ গ্রাস করছে। এ ক্ষেত্রে সরকার ও প্রশাসনের ভূমিকা নিষ্ক্রিয় হয়ে পড়েছে। পরিবেশের শত্রু প্লাস্টিক-পলিথিনের উৎ পাদন ও ব্যবহার ঠেকাতে নতুন করে আন্দোলন গড়ে তুলতে হবে।বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) ২৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত এক বক্তৃতা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন।গতকাল সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ওই অনুষ্ঠানে অংশ নেওয়া পরিবেশ গবেষক ও সাংবাদিকেরা বলেন, পলিথিনের বিরুদ্ধে আন্দোলন ও অভিযান ঝিমিয়ে পড়েছে। এখন প্রকাশ্যে পলিথিন উৎ পাদন, বিক্রি ও ব্যবহার করা হচ্ছে।অনুষ্ঠানে সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন, খাল, বিল, নদী, পানি ও বাতাস রক্ষার লড়াই করে জনগণকে সচেতন করেছে এফইজেবি। প্রাপ্তির অনেক কিছু ধরে রাখা সম্ভব হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, এফইজেবির পলিথিনবিরোধী আন্দোলনের ফসল হিসেবে সরকার এটা নিষিদ্ধ করেছিল, কিন্তু আবার তা ফিরে এসেছে।সাবেক সচিব সাবিহ উদ্দিন আহমদ বলেন, পরিবেশ রক্ষায় সব অর্জনেই এফইজেবির সক্রিয় ভূমিকার ধারাবাহিকতা থাকতে হবে। তিস্তাসহ ৫৪টি নদীর পানির হিস্যা নিশ্চিত করতে পরিবেশ সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।সভাপতির বক্তব্যে এফইজেবির চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী বলেন, ‘আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার প্রত্যয়ে কাজ করছে এফইজেবি। কিন্তু আমাদের আন্দোলনের চেয়ে কয়েক গুণ বেশি গতিতে পরিবেশ দূষণ চলছে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সুধাংশু শেখর রায়, এফইজেবির সাধারণ সম্পাদক হাসান হাফিজ, সাংবাদিক সেলিম সামাদ, মৃণাল কৃষ্ণ রায়, মোস্তফা কামাল মজুমদার, বদিউল আলম, সাইফুল হুদা, শামীমা চৌধুরী, শওকত জামিল এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।