প্লাস্টিকের পুনর্ব্যবহারে সচেতনতা বাড়াতে প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা হয়েছে নৌকা। বনানী, ঢাকা, ১৭ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা হয়েছে নৌকা। বনানী, ঢাকা, ১৭ ডিসেম্বর। ছবি: প্রথম আলো

মাঠজুড়ে ৭১ ফুট লম্বা একটি নৌকা। পুরোটাই তৈরি বিভিন্ন কোমল পানীয়র বোতল দিয়ে। নৌকার পেছনেই ৩০ লাখ বোতলের একটা স্তূপ। সামনে লেখা, ‘নিজের ঘরের মতো সাজিয়ে তুলি দেশ, আমি তুমি হলে বেশ পরিচ্ছন্ন হবে বাংলাদেশ।’

রাজধানীর বনানীর বিটিসিএল খেলার মাঠে মঙ্গলবার এমন দৃশ্য চোখে পড়ল। বিজয় দিবস উপলক্ষে এখানে চলছে ফেলে দেওয়া প্লাস্টিক বোতল দিয়ে তৈরি জিনিসের প্রদর্শনী। বিডি ক্লিন নামে একটি সংগঠন আয়োজন করেছে এমন প্রদর্শনীর।

প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে বাংলাদেশের মানচিত্র। বনানী, ঢাকা, ১৭ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে বাংলাদেশের মানচিত্র। বনানী, ঢাকা, ১৭ ডিসেম্বর। ছবি: প্রথম আলো

গত ১০ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বিডি ক্লিনের প্রায় ১৮ হাজার সদস্য সংগ্রহ করেন ৩০ লাখ বোতল। এ বিষয়ে সংগঠনটির ঢাকা দক্ষিণের সমন্বয়ক ছন্দা মণ্ডল বলেন, ‘৩০ লাখ শহীদের রক্তে অর্জিত আমাদের বাংলাদেশ। তাঁদের প্রতি সম্মানে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। যে মাটিতে শহীদদের রক্ত, সেই মাটি আমরা প্লাস্টিকের দূষণে দূষিত করতে পারি না।’

শুধু বিশাল নৌকা নয়, মাঠে বসেছে চারটি বিশাল বোর্ড। সেখানে একটিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, অপরটিতে বাঘের মুখ। আরেক পাশের দুটির একটিতে স্মৃতিসৌধ, অন্যটিতে বাংলাদেশের মানচিত্র। এসব বানানো হয়েছে বিভিন্ন বোতল ও বোতলের মুখ দিয়ে। প্রদর্শনীতে আরও আছে বোতলের তৈরি বিভিন্ন খেলনা, গয়না, ঘর সাজানোর নানা উপকরণ। পাশাপাশি চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সচেতনতা কার্যক্রম। এ প্রদর্শনী চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।

প্লাস্টিকের বোতল ও কর্ক দিয়ে তৈরি করা হয়েছে নানা সামগ্রী। বনানী, ঢাকা, ১৭ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
প্লাস্টিকের বোতল ও কর্ক দিয়ে তৈরি করা হয়েছে নানা সামগ্রী। বনানী, ঢাকা, ১৭ ডিসেম্বর। ছবি: প্রথম আলো

মাঠের এক কোণে সংগঠনটির ছেলেমেয়েরা ফেলনা বোতল দিয়ে বানাচ্ছেন আরও নানা জিনিস। বেশির ভাগই বাংলাদেশ বা বাংলাদেশের বিশেষ কিছুকে তুলে আনা হচ্ছে। তাঁদের সঙ্গেই বসে আছেন এক বিদেশি। তাঁর নাম লুসি হেস। তিনি কাজ করেন পথশিশুদের নিয়ে। পথশিশুদের নিয়ে বোতল কাটতে পথেই বসে গেছেন লুসি। তিনি বলেন, ‘এখানে এসে খুব ভালো লাগছে।’

লুসির পাশেই অনেক বোতল নিয়ে বানানো হচ্ছে বড় বড় থাম ও গম্বুজ। এগুলো দিয়ে বুধবার আরও কিছু তৈরি করা হবে। সংগঠনটির সদস্য রাজীব ইসলাম বললেন, ‘প্রদর্শনীর মূল লক্ষ্য সবাইকে সচেতন করা। অনেকেই ভাবেন, আমার একটা ফেলা বোতলে আসলে কত আর ক্ষতি হয়, কিন্তু এ রকম একটি–দুটি বোতল দিয়ে অনেক আবর্জনা জমে যাচ্ছে। এর আকার যে কত বড়, এই প্রদর্শনীর মধ্য দিয়ে আমরা সেটা দেখাতে চাই।’ তিনি বলেন, প্লাস্টিকের বোতলের পুনর্ব্যবহার শুধু যে পরিবেশের ভারসাম্য রক্ষা করবে তা–ই নয়, এগুলো সম্পদও। যেসব কোম্পানি প্লাস্টিকের বোতলজাত পানীয় ও খাদ্য উৎপাদন করে, তাদেরও এ বিষয়ে সচেতন করা প্রদর্শনীটির লক্ষ্য।